২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"নির্বাচনের আগে সব দুর্নীতি মামলার বিচার শেষ হবে না"

গ্রেপ্তারকৃত অনেক সন্দেহভাজন দুর্নীতিবাজ উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে যাওয়ায় দুর্নীতি বিরোধী অভিযান স্লথ হয়ে পড়েছে বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন। মতিন বলেছেন, সরকার ঘোষণা দিলেও আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের আগে সব দুর্নীতি মামলার বিচার শেষ করা সম্ভব হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2008, 12:30 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তারকৃত অনেক সন্দেহভাজন দুর্নীতিবাজ উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে যাওয়ায় দুর্নীতি বিরোধী অভিযান স্লথ হয়ে পড়েছে বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন। মতিন বলেছেন, সরকার ঘোষণা দিলেও আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের আগে সব দুর্নীতি মামলার বিচার শেষ করা সম্ভব হবে না। উপদেষ্টা একই সঙ্গে ওয়ান ইলেভেনের পট পরিবর্তনের পর দুর্নীতির বিচারের উদ্দেশ্যে গঠিত 'গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি-'র (এনসিসি) চেয়ারম্যান। স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির সভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। ৮৫টি মামলায় ১৫৮ জনের জামিন পাওয়ার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এসব মামলার ব্যাপারে সরকারের পক্ষ থেকে আপিল করা হচ্ছে। তিনি বলেন, "আপিল নিষ্পত্তি করে দুর্নীতি দমন কর্মকাণ্ডের গতি ফেরাতে কিছুটা সময় লাগবে। সরকার ঘোষণা দিলেও আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের আগে দুর্নীতির সব মামলার বিচার কাজ শেষ করা সম্ভব হবে না।" এনসিসি'র কার্যক্রম সম্পর্কে এম এ মতিন বলেন, "এনসিসির মাধ্যমে যাচাই-বাছাই করে এ পর্যন্ত ২শ' ২২ জনের বিরুদ্ধে ৫শ' ১২টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১শ'৫২টি মামলায় ৯৭ জন বিভিন্ন মেয়াদের কারাদণ্ড পেয়েছেন। এছাড়া ১শ'৮ জনের বিরুদ্ধে ২শ'২৮টি মামলা বিচারাধীন এবং ৩৫ জনের বিরুদ্ধে ১শ'৮৭টি অভিযোগ তদন্তাধীন।" সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের আগেই দুর্নীতি সংক্রান্ত সব মামলার নিষ্পত্তি সম্ভব কি না- এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "আমরা মনে করেছিলাম, ডিসেম্বরের মধ্যেই সব মামলার নিষ্পত্তি সম্ভব হবে। কিন্তু জামিন, স্থগিতাদেশ ও সরকারের বিরুদ্ধে রুল জারিসহ বিভিন্ন কারণে মামলা নিষ্পত্তিতে দেরি হচ্ছে।" তিনি বলেন, "এখন মনে হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে সব মামলার নিষ্পত্তি হবে না। আমাদের পরে যারা ক্ষমতায় আসবেন, তারাও এসব মামলা চালিয়ে নেবেন বলে আশা করছি।" দুর্নীতির মামলাগুলোতে তদন্ত ও অভিযোগ গঠনের দুর্বলতার সুযোগে অভিযুক্তরা জামিন ও মুক্তি পেয়ে যাচ্ছে কি না জানতে চাইলে এম এ মতিন বলেন, "তদন্তে তেমন কোনো দুর্বলতা নেই। বিভিন্ন পর্যায়ে জ্যেষ্ঠ আইনজীবীদের পরামর্শ নিয়েই এসব করা হয়েছে। তবে আইনের তো ফাঁক-ফোকর থাকেই। সেই পথেই তারা বেরিয়ে যাচ্ছেন।" বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশে বর্তমানে প্রায় ২৭ হাজার চোরাচালানী মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে। নির্বাচনকে সামনে রেখে পলাতক সন্ত্রাসীদের নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করার ব্যাপারে সরকার কী ব্যবস্থা নিচ্ছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, "সন্ত্রাসীরা সন্ত্রাসীই। তাদের কোনো দল নেই। সন্ত্রাসীরা এলাকায় ফিরে এলে তাদের আটক করে আইনের হাতে সোপর্দ করা হবে। সরকার কোনো ছাড় দেবে না।" অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র সচিব আবদুল করিম, নৌ-পরিবহন সচিব শেখ এ কে মোতাহের হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ আবদুর রশীদ, এবং বিডিআর, কোস্ট গার্ড, পুলিশ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এসকে/১৮০৮ঘ.