২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগে উপজেলা নির্বাচন করলে পরিণতি হবে ভয়াবহ: নেত্রকোনায় আশরাফুল

জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন হলে দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2008, 05:45 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

নেত্রকোনা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন হলে দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বুধবার শহরের মহুয়া অডিটরিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত বার্ষিক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, "আওয়ামী লীগ কোনো অবস্থাতেই জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন মেনে নেবে না। আগে উপজেলা নির্বাচন হলে দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে।" জরুরি অবস্থার মধ্যে নির্বাচন হলে তা বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেন তিনি। অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার করে সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণারও দাবি জানান আশরাফুল। তিনি আশা প্রকাশ করেন, "শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে এবং জনগণের রায় নিয়ে সরকার গঠন করবে।" আশরাফুল অভিযোগ করেন, "আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু সব ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ সামনে এগিয়ে যাবে।" জেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মো. শামছুজ্জোহার সভাপতিত্বে ইফতার মাহফিলে জেলা সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু স্বাগত বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল, শফি আহম্মেদ, আহম্মদ হোসেন, মঞ্জুর কাদের কোরায়শী, অ্যাডভোকেট আব্দুল মতিন, নূর খান, ইফতেখার উদ্দিন পিন্টু, স্থানীয় নেতা নূর খান মিঠু, প্রশান্ত রায় ইফতারে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৩৫ ঘ.