ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন মামলায় কারাবন্দি পাঁচ জনের কারাদণ্ড বুধবার তিন মাসের জন্য স্থগিত এবং নয় জনকে তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।
এদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী মীর নাসির, আমানউল্লাহ আমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু এবং মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ও বিএনপির নেত্রী সৈয়দা আফিসা আশরাফীর বিভিন্ন মেয়াদের কারাদণ্ড স্থগিত করা হয়েছে।
এছাড়া সাবেক প্রতিমন্ত্রী মীর নাসির, ইকবাল হাসান মাহমুদ টুকু, এ কে এম মোশাররফ হোসেন ও জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক সাংসদ আবদুল ওয়াদুদ ভুইঞা, সালাউদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং সিলেটের বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী তিন মাসের জামিন পেয়েছেন।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও মামনুন রহমানের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেয়।
অবৈধ সম্পদ অর্জনের আলাদা দুর্নীতি মামলায় মীর নাসির, টুকু ও আমানকে দেওয়া ১৩ বছরের কারাদণ্ড স্থগিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেওয়া কারাদণ্ডের রায় কেন বাতিল করা হবে না- সরকার ও দুর্নীতি দমন কমিশনের কাছে তা জানতে চেয়েছে হাইকোর্ট।
এছাড়া কেরানীগঞ্জ থানায় আমানের বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি মামলার কার্যক্রমও আদালত তিন মাসের জন্য স্থগিত করে দিয়েছে।
মীর নাসির ও টুকুর আবেদনের পরিপ্রেক্ষিতে এসব মামলায় তাদের তিন মাসের জামিন দিয়েছে আদালত।
কর ফাঁকির মামলায় আফরোজা আব্বাসকে দেওয়া সাত বছরের সাজা স্থগিত করে এ মামলায় তাকে জামিন দেয়া হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলার কার্যক্রম স্থগিত করে এ মামলাতেও তাকে তিন মাসের জামিন দিয়েছে আদালত।
একটি চাঁদাবাজির মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা আফিসা আশরাফীর পাঁচ বছরের কারাদণ্ডও স্থগিত করা হয়েছে।
এদিকে কর ফাঁকির মামলায় এ কে এম মোশাররফ হোসেনকে তিন মাস জামিন দিয়ে একই সময় পর্যন্ত মামলাটির কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্টের একই বেঞ্চ।
একটি দুর্নীতি মামলায় জাফরুল ইসলাম চৌধুরীকে একই সময় পর্যন্ত জামিন দিয়ে মামলাটির কার্যক্রম স্থগিত করেছে আদালত।
সাবেক সাংসদ ওয়াদুদ ভূইঞা ও সালাউদ্দিন আহমেদ তিন মাসের জামিন পেয়েছেন কর ফাঁকির মামলায়। মামলা দুটির কার্যক্রমও স্থগিত করা হয়েছে।
বিভিন্ন অভিযোগে দায়ের করা চারটি ফৌজদারি মামলায় ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি তিন মাসের জামিন পেয়েছেন।
এছাড়া সিলেট বিএনপি'র নেতা আরিফুল হক চৌধুরীকে একটি ফৌজদারি মামলায় তিন মাসের জামিন দিয়েছে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/জেকে/এমএইচবি/২১২১ ঘ.
bdnews24