ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে উপসচিব পর্যায়ে নয় কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে।
এদের মধ্যে দুই জনকে সরকারের ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচির কাজ দেখাশোনা করার জন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
এরা হলেন- সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত সচিব মানিক লাল বণিক ও দেলোয়ার হোসেন।
বুধবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
এছাড়া বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) সচিব হুমায়ুন কবিরকে অর্থ বিভাগে, রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক এ এম এম আজহারকে শিল্প মন্ত্রণালয়ে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব রওনক জাহানকে নৌ পরিবহন মন্ত্রণালয়ে এবং সংস্থাপন মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি উপসচিব রেজাউল আহসানকে সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক আবদুর রউফ শাহকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক, ওএসডি উপসচিব মসিয়ার রহমানকে ঢাকা সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং দ্বিতীয় কোর্ট অব সেটেলমেন্টের রেজিস্ট্রার আবদুর রউফ খানকে বাংলাদেশ সরকার কর্ম কমিশন সচিবালয়ের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
এছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আইরীন পারভীন বাঁধনকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের সিনিয়র সহকারী প্রধান হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এমএইচবি/২০১৭ ঘ.
bdnews24