২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পাঞ্চল থানার সামনে সিএসডি শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর তেজগাঁও কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের (সিএসডি) শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং শ্রমিক পক্ষের মামলা গ্রহণ করার দাবিতে কয়েকশ শ্রমিক বুধবার সকালে শিল্পাঞ্চল থানার সামনে বিক্ষোভ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2008, 02:19 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের (সিএসডি) শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং শ্রমিক পক্ষের মামলা গ্রহণ করার দাবিতে কয়েকশ শ্রমিক বুধবার সকালে শিল্পাঞ্চল থানার সামনে বিক্ষোভ করে। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম কয়েকজন শ্রমিককে মারধর করেন বলে অভিযোগ করেন শ্রমিকরা। তবে ওসি এ অভিযোগ অস্বীকার করেছেন। তেজগাঁও সিএসডি লেবার ইউনিয়নের কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপ-খাদ্য পরিদর্শক আবুল কালাম আজাদ মিথ্যা অভিযোগ এনে গত ২ সেপ্টেম্বর শিল্পাঞ্চল থানায় একটি মামলা করেন। মামলায় শ্রমিদের বিরুদ্ধে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ আনা হয়। তিনি বলেন, "সিএসডি গোডাউনের কয়েকজন কর্মকর্তা নানা অজুহাতে শ্রমিকদের কাছ থেকে টাকা দাবি করে আসছে। কিছুদিন আগে যৌথ বাহিনীর নামে শ্রমিকদের কাছ থেকে ৪৪ হাজার টাকা তুলে কর্মকর্তারা হাতিয়ে নেন। ঈদের অজুহাতে তারা আবার টাকা তোলার চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে প্রতিবাদ করায় কর্মকর্তারা শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে। তারা বর্তমানে শ্রমিকদের নানা ধরনের ভয়ভীতি দেখাচ্ছে ও হয়রানি করছে।" দেলোয়ার হোসেন জানান, মামলা প্রত্যাহারের আবেদন জানাতে এবং শ্রমিক হয়রানির বিষয়ে বুধবার মামলা করতে কয়েকশ শ্রমিক শিল্পাঞ্চল থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা না নিয়ে তাদের মারধর করে থানা থেকে বের করে দেন। এরপরেই শ্রমিকরা থানার সামনে বিকেল পর্যন্ত অবস্থান করে। শ্রমিক শাহ আলম জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তা তার জামা ছিড়ে ফেলে এবং মারধর করে। অরেক শ্রমিক রুহুল আমিন বলেন, "আমাদের দাবি নিয়ে থানায় এলে ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং আমাদের কয়েকজন সহকর্মীকে মারধর করে।" এ ব্যাপারে কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের ব্যবস্থাপক কুতুবউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকদের বিরুদ্ধে একজন কর্মকর্তার দায়ের করা মামলা বা শ্রমিকদের অভিযোগের বিষয়টি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। 'মিডিয়ার' সামনে কোনো কথা বলতে হলে আমার উর্ধ্বতন কর্মকর্তার অনুমতি লাগবে।" ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বিরুদ্ধে শ্রমিকদের মারধর করার অভিযোগ ঠিক নয়। আর তারা যে অভিযোগ নিয়ে মামলা করতে এসেছেন সে ব্যাপারে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে মামলা হবে। তাছাড়া খাদ্য সংরক্ষণাগারের কর্মকর্তা আবুল কালাম আজাদের মামলারও তদন্ত চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিএইচ/এমএইচবি/২০০৯ ঘ.