নরসিংদী, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাবিতে নরসিংদীর তাঁত (পাওয়ারলুম) শ্রমিকরা বুধবার রায়পুরা উপজেলার আমিরগঞ্জে রেলপথ অবরোধ করে। এ কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল পাঁচ ঘণ্টা বন্ধ থাকে।
বিদ্যুতের দাবিতে এর আগে গত ৩ সেপ্টেম্বর তাঁত শ্রমিকরাসহ স্থানীয় জনতা জেলা শহরের চৌয়ালা এলাকার পল্লী বিদ্যুৎ কার্যালয় ভাংচুর চালায়। একই দাবিতে শ্রমিকরা গত ২৪ আগস্ট ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে।
স্থানীয়রা জানায়, রোববার সকাল ৬টার দিকে তাঁত শ্রমিকরা আমিরগঞ্জ রেল স্টেশনে গিয়ে রেলপথ অবরোধ করে। অবরোধ চলাকালে ওই পথ দিয়ে কোনও ট্রেন চলেনি।
পরে বেলা ১১টার দিকে বিদ্যুৎ, প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা গিয়ে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার বিজয় বসাক সাংবাদিকদের জানান, বিদ্যুৎ কর্মকর্তাদের আশ্বাসে ১১টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। রেল চলাচল এখন স্বাভাবিক।
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মহাব্যবস্থাপক সৈয়দ ওয়াহিদুল ইসলাম শ্রমিকদের সঙ্গে কথা বলেন বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
শ্রমিকরা জানায়, পাওয়ার লুম (বিদ্যুৎচালিত তাঁত) চালানোর জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন। কিন্তু তা না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে এ শিল্পে কর্মরত শ্রমিকদের উপার্জনের পথ বন্ধ হওয়ার উপক্রম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০০ ঘ.
bdnews24