ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বার্মিহাম কলসেন্টার এক্সপো-২০০৮' এর উদ্বোধনী দিনে বিদেশি ক্রেতারা বাংলাদেশের কলসেন্টার খাত নিয়ে আগ্রহ দেখিয়েছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইংল্যান্ডের বার্মিংহামে মঙ্গলবার দু'দিনের এ মেলা শুরু হয়।
বার্মিংহাম থেকে বিটিআরসির পরামর্শক (কনসালটেন্ট) আবদুল্লাহ ফেরদৌস টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেলার প্রথম দিনে বিদেশি ক্রেতাদের কাছ থেকে বাংলাদেশের কলসেন্টার বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। স্থানীয় সময় সকাল ১০টায় মেলার উদ্বোধন করা হয়।"
তিনি জানান, দুপুর ২টায় বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুরুল আলম মেলায় বাংলাদেশে টেলিযোগাযোগ খাত ও কলসেন্টার নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। এ সময় একটি ভিডিও চিত্র দেখানো হয়।
অনুষ্ঠানে মনজুরুল আলম বলেন, "বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে ব্যাপক সম্ভাবনা আছে। এদেশে সম্পদ আছে। বাংলাদেশ কেবল প্রাকৃতিক দুর্যোগের দেশ না। বিদেশিদের আমাদের বাজারে আসা উচিত। আন্তর্জাতিক মানের সেবা দেওয়ার দক্ষতা বাংলাদেশেরও আছে।"
মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশের প্রতিনিধি দলে আরও রয়েছেন ডাক ও টেলিযোগাযোগ সচিব ইকবাল মাহমুদ এবং বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান কামাল উদ্দিন।
কলসেন্টার এক্সপোতে বাংলাদেশের সাতটি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- আমরা আউট সোর্সিং লিমিটেড, ইনজেন টেকনোলজি, ইকরা মিডিয়া সেন্টার, লিগাটো সার্ভিস লিমিটেড, অরবিট কমিউনিকেশন এবং উইন্ড মিল অ্যাডভারটাইজিং লিমিটেড।
চলতি বছরের এপ্রিল থেকে বিটিআরসি কল সেন্টারের লাইসেন্স দেওয়া শুরু করে। কলসেন্টার, হোস্টেড কলসেন্টার এবং হোস্টেড কলসেন্টার সার্ভিস প্রোভাইডার- এ তিনটি শ্রেণীতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কল সেন্টার সেবার জন্য বিটিআরসি এ পর্যন্ত ৩১০টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে এবং সামনে আরো লাইসেন্স দেবে।
কল সেন্টারগুলো থেকে গ্রাহকদের কল গ্রহণ ছাড়াও 'ডাটা ও ইনফরমেশন' প্রক্রিয়াকরণসহ বিভিন্ন সেবা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে বিক্রি ও বিপণন, প্রশাসনিক সহায়তা (যেমন-তথ্য সংরক্ষণ), অর্থ ও হিসাবরক্ষণ, মানব সম্পদের দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ, আইনগত সহায়তা, মেডিকেল ট্রান্সক্রিপশন ইত্যাদি। এ সেবা মূলত 'বিজনেস প্রসেসিং আউটসোর্সিং' হিসাবে পরিচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এমএইচবি/২২১৫ ঘ.
bdnews24