ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গোসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এবং অস্বাভাবিক জোয়ারের পানিতে উপকূলীয় কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলী জমি।
এর মধ্যে পটুয়াখালী শহরের এক-তৃতীয়াংশ এলাকা তলিয়ে গেছে। বাগেরহাটের শরণখোলায় বেড়িবাঁধ ভেঙে সাতটি গ্রাম প্লাবিত হয়েছে।
বিষখালী নদীর বড়ইতলা-বাইনচটকি ফেরীঘাট পানিতে ডুবে যাওয়ায় বরগুনার থেকে পাথরঘাটা, মঠবাড়িয়া, পিরোজপুর ও খুলনা রুটের বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
বরগুনা: বরগুনা শহর কয়েকটি এলাকা ২/৩ ফুট পানিতে তলিয়ে গেছে। প্লাবিত হয়েছে সদর উপজেলার মাঝেরচর, নলটোনা, নলী, চরকগাছিয়া, বান্দরগাছিয়া, রায়ভোগ, মাঝখালী, মোল্লার হোরা, ডালভাঙ্গা, পাতাকাটা, ফালিশাতলী, চালিতাতলী, বুড়িরচর, লবনগোলা গ্রাম।
আমতলী উপজেলার জয়ালভাঙ্গা, নিদ্রা সখিনা, বালিয়াতলী, পাথরঘাটা উপজেলার পদ্মা, বড়ইতলা, চরদুয়ানী, বাইনচটকি, কাকচিড়া, বেতাগী উপজেলার ঝোপখালী, কেওড়াবুনিয়া, কালিকাবাড়ি, বদনীখালী, বামনা উপজেলার রামনা, চেচান ও পুরাতন বামনা গ্রাম প্লাবিত হয়েছে।
পাথরঘাটা, পোটকাখালী, বড়ইতলা, গৌরীচন্না, খেজুরতলা আশ্রয়ন প্রকল্পের মানুষের পানিতে হাবুডুবু খাওয়ার মত অবস্থা। চরদুয়ানী ও কাকচিড়া বাজার তলিয়ে গেছে।
ফালিশাতলী গ্রামের আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, তাদের গ্রাম পানিতে ডুবে যাওয়ায় তারা বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠেছেন।
রায়ভোগ গ্রামের খায়রুজ্জামান শাহীন জানান, গত বছর নভেম্বরে ঘুর্ণিঝড় সিডরে বড়ইতলা স্লুইজগেট ভেঙে যাওয়ার পর মেরামত না করায় তাদের গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন কমপক্ষে তিন শতাধিক মানুষ। তাদের রান্নাবান্নাও বন্ধ হয়ে গেছে।
মাঝের চরের জিল্লুর রহমান জানান, পানিতে তাদের বাড়িঘর তলিয়ে যাওয়ায় ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠেছেন তারা। কিন্তু সেখানেও ঠাঁই মিলছে না। অনেকেই কেন্দ্রের নিচে পানির মধ্যে দাড়িয়ে আছেন।
বরগুনার জেলা প্রশাসক মো. শাফায়েত হোসেন জানান, সিডরের পরে চাহিদানুয়ায়ী বরাদ্দ না পাওয়ায় অনেক বেড়িবাঁধ ও স্লুইজগেট মেরামত করা যায়নি।
তিনি জানান, প্লাবিত গ্রামের ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।
পটুয়াখালী: পটুয়াখালী শহরের এক-তৃতীয়াংশ এলাকা প্লাবিত হয়েছে। শহরের চক বাজার, পুরান বাজার, নবাবপাড়া, সেন্টারপাড়া, শিমূলবাগ, চরপাড়া, পৌরসভা সড়ক, টাউন কালিকাপুর, সবুজবাগ, মুন্সেফপাড়া চার থেকে ছয় ফুট পানিতে তলিয়ে যায়।
বন্ধ থাকে শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান। বুধবার পর্যন্ত এ অবস্থা থাকবে বলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন।
কলাপাড়া রাডার স্টেশনের কর্মকর্তারা জানান, সব ধরনের মাছ ধরার ট্রলার মহিপুর-আলীপুর চ্যানেলে আশ্রয় নিয়েছে। কুয়াকাটার বেড়িবাঁধের সিডরে ক্ষতিগ্রস্থ খাজুরা এলাকায় সাগরের পানির চাপ বাড়ায় হুমকির মুখে রয়েছে লাতাচাপলি ইউনিয়নের ২৫ হাজার মানুষ।
কলাপাড়া-কুয়াকাটা সড়কের নীলগঞ্জ, হাজীপুর ও কলাপাড়া ফেরীঘাটের গ্যাংওয়ে পানিতে ডুবে যাওয়ার কারণে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কুয়াকাটার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ ছিল।
জেলার কলাপাড়া, বাউফল, গলাচিপা ও দশমিনা উপজেলা বিচ্ছিন্ন চরগুলোর শতাধিক মাছের ঘের ও আমনের ক্ষেত তলিয়ে গেছে।
কুয়াকাটার একজন সাংবাদিক জানান, কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামে পানি উন্নয়ন বোর্ডের ৪৬ নম্বর পোল্ডার ও লালুয়া ইউনিয়নের নেওয়া পাড়া এলাকার প্রায় ৫০ মিটার বেড়িবাঁধ হুমকির মুখে পড়েছে।
এছাড়াও ওই এলাকার চরাঞ্চল ৩ থেকে ৪ ফুট পানিতে প্লাবিত হয়েছে। কলাপাড়া উপজেলার মৎস্যবন্দর মহিপুরের কাঁচা বাজার, ভূমি কার্যালয়, হাফেজিয়া মাদ্রাসা, মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বন্দরের মৎস্যআড়তগুলো এক থেকে দেড় ফুট পানিতে তলিয়ে গেছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনজিৎ কুমার জানান, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামে পোল্ডার ও লালুয়া ইউনিয়নের নেওয়া পাড়া এলাকায় প্রায় ৫০ মিটার বেড়িবাঁধ ভেঙে ওই এলাকার ফসলি জমিতে পানি প্রবেশ করতে শুরু করেছে।
ইউএনও জানান, জেলা প্রশাসনের নির্দেশে যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাগুলোর মানুষকে সতর্ক রাখতে জনপ্রতিনিধিদের মাধ্যমে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও পরিস্থিতি মোকাবেলায় কলাপাড়া উপজেলা প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে বলে তিনি জানান ।
বাগেরহাট: বাগেরহাট শহরের কাঠপট্টি, বাজার, নাগের বাজার, লঞ্চঘাট, ডাকবাংলো, রাহাতের মোড় এলাকা, কচুয়া, চিতলমারী, মোল্লাহাট, মংলা, রামপাল ও মোরেলগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল জোয়ারের পানিতে এক থেকে তিন ফুট পর্যন্ত প্লাবিত হয়েছে।
শরণখোলা উপজেলার রায়েন্দা ও সাউথখালী ইউনিয়নে ওয়াপদার বেড়িবাঁধ ভেঙে সাতটি গ্রাম জোয়ারের পানিতে তলিয়ে গেছে।
রায়েন্দা ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা ইসাহাক আলী জানান, লাকুড়তলা এলাকায় ওয়াপদার বেড়িবাঁধের প্রায় বিশ ফুট অংশ ধসে গেছে। ফলে বেড়িবাাঁধ ও সিএন্ডবি রাস্তার মধ্যবর্তী চাল রায়েন্দা, ঝিলবুনিয়া, লাকুড়তলা ও রাজেশ্বর গ্রাম প্লাবিত হয়েছে।
প্লাবিত হয়েছে বেড়িবাঁধের বাইরে থাকা রায়েন্দা বাজার।
সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পঞ্চায়েত জানান, খুড়িয়াখালী এলাকায় কয়েকটি স্থানে বাঁধ ভেঙে চালতাবুনিয়া, খুড়িয়াখালী, বাবলাতলা প্রভৃতি এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক জানান, সাগরে নিম্নচাপের কারণে জেলার প্রধান নদী বলেশ্বর, ভৈরব, পশুর ও মধুমতিতে স্বভাবিক জোয়ারের চেয়ে তিন দশমিক ৮০ সেন্টিমিটার পানি বেড়েছে।
শরণখোলা ও মোড়েলগঞ্জ উপজেলার বলেশ্বর নদীর উপর নির্মিত ৩৫/১ পোল্ডার ঝুঁকির মধ্যে রয়েছে। শলণখোলার কয়েকটি এলাকা থেকে দুপুরের পর তিনি বেড়িবাধ ভেঙে যাওয়ার খবর পেয়েছেন। তবে এর ফলে কি পরিমাণ ক্ষয় ক্ষতি হয়েছে তা তিনি জানাতে পারেননি।
বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা এবং দুবলার চর ফিশারম্যান গ্র"পের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জিয়া উদ্দিন জানান, সাগরে লঘুচাপ বিরাজ করায় তাদের এলাকার সহস্রাধিক মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়ে রয়েছে। কোথাও কোন ট্রলার ডুবির খবর পাওয়া যায়নি।
মংলার কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের মিডিয়া সেল প্রধান লেফটেন্যান্ট কমান্ডার রবিউল ইসলাম জানান, সাগর উত্তাল থাকায় বিভিন্ন নদ-নদীতে মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ট্রলার বা নৌকা ডুবির কোন ঘটনা ঘটেনি।
সাতক্ষীরা: শ্যামনগর উপজেলার গাবুরায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ধসে আটটি গ্রাম প্লাবিত হয়েছে। বাঁধের সাতটি পয়েন্টে প্রায় ৩০০ মিটার অংশে এই ভাঙন দেখা দিয়েছে।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আজম লেলিন জানান, মঙ্গলবার দুপুরে ইউনিয়নের নেবুবুনিয়া ও খলিসাবুনিয়ায় বাঁধ ধসে গ্রামে পানি ঢুকতে শুরু করে। এতে নেবুবুনিয়া, জেলেখালি, নাপিতখালি, লক্ষিখালি, খলিসাবুনিয়াসহ আটটি গ্রাম তলিয়ে গেছে।
এসব গ্রামের ক্ষতিগ্রস্তরা গাবুরা উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলিপ কুমার বনিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইউএনও জানান, বাঁধ মেরামতের চেষ্টা চলছে। এর আগে গত সপ্তাহে একই স্থানে ভাঙন দেখা দিয়েছিল।
দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাতক্ষীরার সুন্দরবন লাগোয়া নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে বলে পাউবোর কর্মকর্তারা জানিয়েছেন।
দুপুরে শ্যামনগর অঞ্চলে পাউবোর বেড়িবাঁধ ছাপিয়ে চুনকুঁড়ি নদীর পানিতে সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর, সিংহরতলি, চুনকুঁড়ি, মুন্সিগঞ্জ, সাধুপাড়া, জেলেপাড়া এলাকায় প্লাবিত হয়েছে।
ভোলা: জেলার মাঝের চর, চর মহিরউদ্দিন, চর ভেদুরিয়া, চর নিজাম, কুফরী সুকর্ণসহ প্রায় ২০টি গ্রাম তিন থেকে চার ফুট পানিতে তলিয়ে গেছে।
জোয়ারের পানিতে ভোলা জেলা সদরের খালপাড় রোড, জেলা স্কুলের মাঠ ডুবে গেছে। সকাল থেকেই পুরো জেলায় দমকা হাওয়া বইছে। সেইসঙ্গে থেকে থেকে হালকা মাঝারি ও ভারী বৃষ্টি পড়ছে। ভোলা খেয়াঘাট থেকে কোন ছোট লঞ্চ কোন গন্তব্যে ছেড়ে যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪২ ঘ.
bdnews24