ফরিদপুর, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের কোথাও সার সংকট নেই বলে দাবি করেছেন কৃষি উপদেষ্টা সি এস করিম।
তিনি বলেন, "দেশের কোথাও সার সংকট নেই। গতবারের চেয়ে দেড় লাখ টন বেশি সার আমদানি করা হয়েছে।"
সোমবার বিকেলে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বন্যা ও কৃষি পুনর্বাসন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম. তামিম।
কৃষি উপদেষ্টা বলেন, "সরকার ভর্তুকি দিয়ে কৃষকদের সার দিচ্ছে। খোলা বাজারে বিক্রির জন্য দেওয়া হলে কৃষককে ৫০ টাকা কেজি দরে সার কিনতে হতো। কিন্তু কৃষকের স্বার্থে সরকার তা করছে না।"
বন্যার পর কৃষিসহ সব ধরনের পুনর্বাসন কাজ পরিকল্পনা অনুযায়ী করা উচিত বলে মন্তব্য করে তিনি।
সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগের ক্ষতি কাটিয়ে তোলার আহ্বান জানান উপদেষ্টা।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত বিশেষ সহকারী ম. তামিম বলেন, "বর্তমানে ৩ হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে দেশের চাহিদা মেটানো হচ্ছে।"
তিনি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হয়ে ঘাটতি মেটাতে সরকারকে সহযোগিতা করার আহবান জানান।
পৃথিবীর অনেক দেশেই সন্ধ্যা ছয়টার পর দোকানপাট শপিং মল বন্ধ করে বিদ্যুৎ সাশ্রয় করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
জেলা প্রশাসক আক্তারুজ্জামান মো. মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে প্রশাসনের কর্মকর্তাসহ ব্যবসায়ী, এনজিও এবং সাংবাদিক প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
এর আগে দুপুরে সিএস করিম ও ম. তামিম সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৩ ঘ.
bdnews24