ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মীরপুরে সন্দেহভাজন মলমপার্টির খপ্পরে পড়ে রোববার রাতে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
এছাড়া মোহাম্মদপুর থানা পুলিশ রোববার মধ্যরাতে আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের কাছ থেকে এক অজ্ঞাত (৩২) ব্যক্তির গলায় গামছা প্যাঁচানো লাশ উদ্ধার করে।
মীরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে ১৩ নম্বর সেকশনের একটি কলেজের কাছের গলি থেকে রাস্তায় পড়ে থাকা অবস্থায় গোলাম মোস্তফা মোল্লার (৫৫) মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মলম পার্টির সদস্যদের দ্বারাই তিনি খুন হয়েছেন।
গোলাম মোস্তফা শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। আত্মীয়রা বলেছেন, তার কাছে সাড়ে ৭ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিল যা পাওয়া যায়নি।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ জানান, ধারণা করা হচ্ছে গোলাম মোস্তফা গাবতলীতে একটি সিএনজি ট্যাক্সিতে ওঠার পর মলমপার্টির খপ্পরে পড়েন। দুর্বৃত্তরা তাকে গন্তব্যে না নিয়ে শ্বাসরোধ করে হত্যার পর টাকা ও মোবাইল নিয়ে লাশ ফেলে রেখে যায়।
পকেটে থাকা কাগজে ফোন নম্বর পেয়ে পুলিশ তার ছেলে ইউনিভারসিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা)'র বিবিএ'র ছাত্র মিজুকে ফোন করে।
এদিকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোকেয়া সরণি থেকে মহিলা পলিটেকনিকে ঢোকার সময় রাস্তায় চেক শার্ট ও কালো প্যান্ট পরা প্রায় ৩২বছর বয়সী এক ব্যক্তির লাশ পড়ে ছিল। গলায় গামছা প্যাঁচানো ছাড়া তার শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন ছিল না।
আফিজুল ইসলাম জানান, অন্য কোথাও শ্বাসরোধ করে হত্যার পর রাত প্রায় ১২টার দিকে লাশ সেখানে ফেলে রাখা হয়। নিহতের শার্টের নিচে 'বাংলাদেশ আর্মি' লেখা টিয়া রংয়ের একটি গেঞ্জি ছিল।
এই ব্যক্তির পরিচয় সোমবার বিকাল পর্যন্ত পাওয়া যায়নি বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/১৯৩৫ঘ.
bdnews24