চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খালেদা জিয়া ও শেখ হাসিনাকে বৈঠকে বসানোর মধ্য দিয়ে সরকার রাজনৈতিক আস্থা সৃষ্টি করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
তিনি বলেন, "দুই নেত্রীকে বৈঠকে বসানোই সরকারের একমাত্র কাজ নয়। এর প্রতীকি গুরুত্ব রয়েছে। এর মধ্য দিয়ে রাজনীতিবিদদের সম্পর্কে মানুষ আশ্বস্ত এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হবে।"
সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রামের উন্নয়ন সংক্রান্ত এক পর্যালোচনা বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।
'কলহের রাজনীতি' ছেড়ে সফল রাজনৈতিক ও অর্থনৈতিক উত্তরণে রাজনীতিবিদদের ভূমিকা পালনের আহবান জানান তিনি।
হোসেন জিল্লুর বলেন, "ইদানীং প্রধান দুই রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে রুঢ় ভাষা ব্যবহারের সংস্কৃতি পরিলক্ষিত হচ্ছে। এটা যাতে বৃদ্ধি না পায় তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।"
রাজনীতিবিদরা অতীতের এ ধারা থেকে বেরিয়ে আসবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, "চট্টগ্রামে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগ প্রদানের জন্য আবেদনকারী শিল্প প্রতিষ্ঠানগুলোর একটি তালিকা তৈরি করা হয়েছে। রোজার পরপরই সেসব কারখানায় গ্যাস সংযোগ দেওয়া শুরু হবে।"
এছাড়া চট্টগ্রামে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি প্রকল্প স্থাপনের জন্য ইতোমধ্যে দরপত্র আহবান করা হয়েছে বলেও তিনি জানান।
গত ১৩ আগস্ট প্রধান উপদেষ্টার সভাপতিত্বে চট্টগ্রামে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের বৈঠকে চট্টগ্রামের উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সোমবারের বৈঠকে বাণিজ্য উপদেষ্টা সেসব সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়েও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে আলোচনা করেন।
তিনি জানান, এ বিষযে দু'দিন পর ঢাকায় সচিব পর্যায়ে আরেকটি বৈঠক হবে।
চট্টগ্রামের উন্নয়ন নিয়ে সার্কিট হাউসের বৈঠকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হোসাইন জামিল, চট্টগ্রাম জেলা প্রশাসক আশরাফ শামীম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শাহ মো. আখতার উদ্দিন, চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান মো. ইসহাকসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফআই/এফএফ/এমএসবি/১৫৫৩ ঘ.
bdnews24