বগুড়া, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া সরকারি আযিযুল হক কলেজে সোমবার চারদলীয় জোটভুক্ত দুই দল বিএনপি ও জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। (আরও তথ্যসহ)
এতে আহত হয়েছে অন্তত চার জন। স্নাতক দ্বিতীয় বর্ষের ভর্তির ফরম নেওয়ার সময় লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয় বলে শিক্ষার্থীরা জানিয়েছে। সংঘর্ষের পর ভর্তি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
এছাড়া কলেজের চারটি ছাত্রাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রদের সোমবার বিকেল ৫টা এবং মঙ্গলবার সকাল ৮টার মধ্যে ছাত্রীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, সকাল ১১টার দিকে সমাজবিজ্ঞান ভবনে স্নাতক দ্বিতীয় বর্ষের ভর্তির ফরমের জন্য লাইনে দাঁড়ানো নিয়ে দুই ছাত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পর তা ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলে পড়ে।
এক পর্যায়ে ছাত্র শিবির কর্মীদের ধাওয়ায় ক্যাম্পাস ছেড়ে চলে যায় ছাত্রদলকর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে আসে। সংঘর্ষের কারণে ক্যাম্পাসে আতঙ্কত ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহত ছাত্রদলকর্মী শরিফ, রফিক, জন ও টোটনকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রদলের কলেজ শাখার সভাপতি জোবাইদুর রহমান রিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্র শিবির তুচ্ছ ঘটনা নিয়ে ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। তাদের ছুরিকাঘাতে আমাদের চার কর্মী আহত হয়েছে।"
তবে এ অভিযোগ অস্বীকার করে ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি সেলিম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রদল বিনা উস্কানিতে আমাদের ওপর হামলা চালায়। তখন আমাদের কর্মীরা প্রতিরোধ করে।"
সংঘর্ষে ছাত্রশিবিরের কলেজ শাখার সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক নূরুন্নবী ও আওলাদ হোসেন নামে এক কর্মী আহত হয়েছেন বলে সেলিম দাবি করেন।
কলেজের উপাধ্যক্ষ আব্দুল গফুর সাংবাদিকদের জানান, সংঘর্ষের পর ভর্তি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তিনি জানান, সংঘর্ষ যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য কলেজের তিতুমীর, মুন, শেরে বাংলা ও বেগম রোকেয়া ছাত্রাবাস অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
ছাত্রদের আজ (সোমবার) বিকেল ৫ টা ও ছাত্রীদের মঙ্গলবার সকাল ৮টার মধ্যে ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে অধ্যক্ষ জানান।
তিনি অভিযোগ করেন, "সংঘর্ষের খবর পুলিশকে জানানো হলেও তারা আসতে দেরি করেছে।"
দেরি হওয়ার কথা স্বীকার করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব।
তিনি দুপুর দেড়টায় সাংবাদিকদের বলেন, "টেকনিক্যাল কারণে একটু দেরি হয়েছে। তবে এখন ক্যাম্পাসে পুলিশ দেওয়া হয়েছে। পরিস্থিতিও এখন শান্ত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএসবি/১৭২৬ ঘ.
bdnews24