ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের রানা প্লাজা নামে একটি নির্মাণাধীন ভাবনে রোববার সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে গাজী আব্দুল্লাহ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া সুজন (৩৫) নামে এক পরিবহন শ্রমিক আহত হয়েছেন।
সুজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেলের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।
গাজী আব্দুল্লাহ একজন ঠিকাদার। বাসা সাভারের ব্যাংক কলোনিতে। দুই ভাই, এক বোনের মধ্যে তিনি সবার বড়।
সাভার থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রানা প্লাজা নামে একটি মার্কেটের নির্মাণাধীন ভবনের নিচতলায় বসে গাজী আব্দুল্লাহ ও আনায়ার হোসেনসহ কয়েকজন ইফতার করছিলেন। এ সময় ৩/৪ জন যুবক এসে তাদের গুলি করে দ্রুত পালিয়ে যায়। এতে আবদুল্লাহ ও সুজন গুলিবিদ্ধ হন।
পুলিশের সহায়তায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে দুইজনকেই রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত পৌনে ১০টার দিকে গাজী আব্দুল্লাহ মারা যান।
মনিরুজ্জামান বলেন, "সাভারে ইপিজেডের বিভিন্ন কারখানায় গাড়ি সরবরাহের ঠিকাদারী নিয়ে ফয়সল নামের এক ব্যক্তির সঙ্গে গাজী আব্দুল্লাহর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে ফয়সলই তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।"
রানা প্লাজার নিরাপত্তা রক্ষী আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইফতারের সময় হঠাৎ গুলির শব্দ শুনতে পাই। কিছুক্ষণ পর তিনজন লোক দৌঁড়ে বের হয়ে যায়। তাদের কাউকে চিনতে পারিনি।"
রানা প্লাজার অফিস বয় আব্দুল মজিদ বলেন, "গাজী আব্দুল্লাহ বিকেল সাড়ে ৫টার দিকে মার্কেটে আসেন। মার্কেটেই ইফতার করেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/প্রতিনিধি/ডিডি/জেকে/০০১৭ ঘ.
bdnews24