বগুড়া, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঠিকভাবে কাজ ও মনিটারিং না হওয়ায় বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙেছে বলে মনে করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুদ্দিন আহমেদ।
বাঁধ ভাঙার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক সাইফুদ্দিন আহমেদ রোববার সকালে বগুড়া সার্কিট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
গত ২ সেপ্টেম্বর ভোর রাতে সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের তালুকদার পাড়ায় যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৫০ মিটার অংশ ধসে যায়। তাৎক্ষণিকভাবে প্রায় ১২ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে।
এ ঘটনায় ৬ আগস্ট ভাঙনের কারণ উদঘাটনে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বল হয় কমিটিকে।
প্রেস ব্রিফিংয়ে কমিটির আহ্বায়ক বলেন, "গত শনিবার ভাঙন এলাকা পরিদর্শনকালে বিভিন্ন স্তরের লোকজনসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। প্রাথমিকভাবে সময়মত কাজ না করা, ভাঙন রোধে প্রস্তুতির অভাবসহ নানান বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। ভাঙনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।"
যুগ্ম সচিব বলেন, "ঠিকভাবে মনিটরিং ও কাজ না করায় এই বিপর্যয় ঘটেছে।"
তিনি বলেন, "স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধে উপায় খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।"
পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত কাজ শুরু করার জন্য সাইফুদ্দিন আহমেদ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের নির্দেশ দেন।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- কমিটির দুই সদস্য রাজশাহীয় বিভাগের পানি উন্নয়ন বোর্ডের তত্ত্ববধায়ক প্রকৌশলী (ডিজাইন) কামাল উদ্দিন ও বগুড়া জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির, বগুড়ার পাউবো কর্মকর্তা আফজাল হোসেন ও সরদার সিরাজুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৫ ঘ.
bdnews24