ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলায় জামিন চেয়ে হাইকোর্টে একটি আবেদন করেছেন শেখ হাসিনা। এছাড়া মিগ-২৯ যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলার বিচার কার্যক্রম স্থগিতের জন্যও আবেদন করেছেন তিনি।
রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের অবকাশকালীন বেঞ্চে শেখ হাসিনার পক্ষে ব্যারিস্টার শফিক আহমেদ আবেদন দুটি দায়ের করেন।
মামলা দুটি দায়ের ও কার্যক্রম পরিচালনার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে রিট দুটিতে। আজম চৌধুরীর দায়ের করা মামলার কার্যক্রম স্থগিতেরও আবেদন জানানো হয়েছে এতে।
ব্যারিস্টার শফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজম জে চৌধুরীর চাঁদাবাজির মামলায় শেখ হাসিনার জামিন ও মামলার কার্যক্রম স্থগিতের আবেদন করা হয়েছে। মিগ-২৯ মামলায় শেখ হাসিনা জামিনে রয়েছেন। এ মামলার কার্যক্রম স্থগিতের আবেদন জানানো হয়েছে।"
আবেদন দুটির ওপর দুই-একদিনের মধ্যে শুনানি হবে বলে আশা প্রকাশ করেন ব্যারিস্টার শফিক।
গত ২৮ আগস্ট হাইকোর্টের অপর একটি বেঞ্চ আজম চৌধুরীর মামলার কার্যক্রমের বৈধতার প্রশ্নে রুল জারি করেছিল। এর আগে হাইকোর্ট গত ১৭ জানুয়ারি শেখ হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটির বিচার কার্যক্রম স্থগিত করেছিল। তবে গত ২৪ জানুয়ারি হাইকোর্টের ওই আদেশ স্থগিত করে আপিল বিভাগ। তারপর নিম্ন আদালতে এ মামলার বিচার কাজ আবার শুরু হয়।
গত বছর ১৩ জুন ব্যবসায়ী আজম জে চৌধুরী প্রায় ৩ কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।
গত বছর ২৪ জুলাই এ মামলায় শেখ হাসিনা, শেখ সেলিম ও শেখ রেহানার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ১৩ জানুয়ারি এ মামলায় মহানগর দায়রা জজ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
এর আগে এ মামলাটি জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনার রিটের পরিপ্রেক্ষিতে গত বছর ৩০ জুলাই প্রথমবারের মতো মামলার কার্যক্রম স্থগিত করে দিয়েছিল।
এদিকে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় আটটি মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় দুর্নীতি মামলাটি দায়ের করেন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পাঁচ জনকে আসামি করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৯৯ সালে ৮টি মিগ-২৯ যুদ্ধ বিমান কেনা হয়। ক্রয় প্রক্রিয়ায় দুর্নীতির কারণে রাষ্ট্রের প্রায় ৭০০ কোটি টাকা ক্ষতি হয়েছে।
২০০৩ সালের ২৯ জানুয়ারি এ মামলায় শেখ হাসিনাসহ সাত জনের অভিযোগপত্র দেওয়া হয়।
মামলাটি বাতিলে শেখ হাসিনার দায়ের করা আবেদন গতবছর ৬ সেপ্টেম্বর খারিজ করে দিয়েছিল হাইকোর্টের একটি বেঞ্চ।
হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিল গত ১৮ মার্চ খারিজ করে খারিজ করে সুপ্রিম কোর্ট।
বর্তমানে নিম্ন আদালতে মামলাটির বিচার কার্যক্রম চলছে। গত ২০ আগস্ট এ মামলায় শেখ হাসিনাসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৮৩৭ ঘ.
bdnews24