ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দুটি মামলায় তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি এসময় তার বিরুদ্ধে মামলা দুটির কার্যক্রমও স্থগিত করা হয়েছে।
রোববার বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের বেঞ্চ আমীর খসরুর দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
হাইকোর্টে হাজির হয়ে আমীর খসরু গ্যাটকো দুর্নীতি মামলা ও সরকারের ১৮টি বাড়ি বরাদ্দ সংক্রান্ত দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দুটি দায়ের করেন।
তার পক্ষে রিট দুটির উপর শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দীন আহমাদ। সরকার পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ আফছার জাহান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/জিএনএ/১৩০০ ঘ.
bdnews24