গাজীপুর, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টঙ্গীর মুদাফা এলাকার একটি বিল থেকে শনিবার মো. আশরাফুল (২২) নামে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাহ জামাল ও মো. কামাল নামে তার দুই বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে নিহতের ভাই জাহাঙ্গীর আলম ১০জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। জুয়া খেলা নিয়ে বিরোধে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গাজীপুর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পারিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শাহ জামাল ও কামাল মুদাফা এলাকার বাড়ি থেকে আশরাফুলকে ডেকে নিয়ে যায়। আশরাফুল ওইদিনই বেতন পেয়েছিল।
বেতন ও জমানো ১৩ হাজার টাকা নিয়ে আশরাফুল বন্ধুদের সঙ্গে মুদাফা শ্মশান বটতলায় জুয়া খেলে। জুয়াতে আশরাফুল জিতে টাকা নিয়ে বাড়ি ফিরতে চাইলে বন্ধুদের সঙ্গে বিরোধ বাধে। পরে তারা আশরাফুলকে বেদম প্রহার ও গামছা দিয়ে গলায় শ্বাসরোধ করে হত্যা করে লাশ বিলে ফেলে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৭ ঘ.
bdnews24