২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী মেডিকেলে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি, পাল্টাপাল্টি মামলা

রাজশাহী মেডিকেল কলেজে ছাত্রদল-ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। ছাত্রদল শুক্রবার বিকেলে এবং ছাত্রলীগ শনিবার রাজপাড়া থানায় পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2008, 03:14 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

রাজশাহী, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম) - রাজশাহী মেডিকেল কলেজে ছাত্রদল-ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। ছাত্রদল শুক্রবার বিকেলে এবং ছাত্রলীগ শনিবার রাজপাড়া থানায় পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের করে। রাজশাহী মেডিকেল কলেজে বৃহস্পতিবার রাতে ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছিল। শুক্রবার সকালে জরুরি বৈঠক করে মেডিকেল কলেজ এক মাসের জন্য বন্ধ ঘোষণা করে সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেয়। আগামী ১১ অক্টোবর কলেজ আবার খুলে দেওয়া হবে। সংঘর্ষের ঘটনা তদন্তে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নানকে আহবায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, সংঘর্ষে আহত মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক একেএম আনিসুর রহমান বাবলু ছাত্রদলের মেডিকেল কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান রাজু ও সাধারণ সম্পাদক এসএম শাহরিয়ার রিজভীসহ ২৩ জনকে আসামি করে একটি মামলা করেছেন। ছাত্রদলের সাধারণ সম্পাদক এসএম শাহরিয়ার রিজভী শুক্রবার বিকেলে ছাত্রলীগের সভাপতি দেওয়ান মো. মেহেদী হাসান তমাল ও ক্রীড়া সম্পাদক একেএম আনিসুর রহমান বাবলুসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত এ দুই মামলার কোন আসামি গ্রেপ্তার হয়নি বলে ওসি জানান। মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ফজলুর রহমান তদন্ত কমিটির গঠনের বিষয়টি জানিয়ে সাংবাদিকদের বলেন, কমিটির প্রতিবেদন পাওয়া সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, কমিটির অপর সদস্যরা হলেন- শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু জাফর এবং মাইক্রো বাইলোজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. এমএ সালাম। কমিটিকে তিন দিনের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবে এসে মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগ নেতারা ওই রাতের ঘটনার জন্য প্রশাসনের নিষ্ক্রিয়তা ও পক্ষপাতিত্বকে দায়ী করেন। তারা ঘটনার জন্য ছাত্রাবাসের প্রধান তত্ত্বাবধায়ক নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোনয়ারুল ইসলাম এবং সহকারী তত্ত্বাবধায়ক শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সিরাজুল ইসলামকে দায়ী করে দুজনের পদত্যাগ দাবি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৮ ঘ.