কিশোরগঞ্জ, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অষ্টগ্রাম উপজেলায় কাস্তল গ্রামের জমি ইজারা নেওয়াকে কেন্দ্র করে শুক্রবার দুই দলের সংঘর্ষে আবুল হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত আট জন।
আহতদের মধ্যে সুরুজ মিয়া (৫৫), এনামুল হক (৪৫), তানিয়া আক্তার (২৩), রুমন (২৪) ও সুমনকে (৩২) অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রুমন নিহত আবুল হোসেনের ছেলে।
অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, "অষ্টগ্রামের হাওরে বড় মসজিদের কিছু জমি প্রতি বছর ইজারা দেওয়া হয়। শুক্রবার জুম্মার নামাজের পর এ বছরের জন্য জমি ইজারা দেওয়ার সময় কফিল মেম্বার ও তার দলবল দেশীয় অস্ত্র নিয়ে ইজারা কমিটির সদস্য আবুল হোসেন ও তার লোকজনের উপর হামলা চালায়। এতে আবুল হোসেন গুরুতর আহত হন।"
আবুল হোসেনকে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় আবুল হোসেনের মৃত্যু হয়।
পুলিশ সুপার বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২০২০ ঘ.
bdnews24