ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সুত্রাপুর এলাকায় র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নুরুল ইসলাম ওরফে কালা ভাই (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে। গত বুধবার মধ্যরাতে গেন্ডারিয়া ডিস্টিলারি রোডে এ ঘটনা ঘটে।
র্যাব জানায়, নুরুল ইসলাম সুত্রাপুর ও শ্যামপুর থানার তালিকা ভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে এ দুটি থানায় ১টি ট্রিপল মার্ডার ও ১১ টি হত্যা মামলা ছাড়াও চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং'এর পরিচালক আবুল কালাম আজাদ স্বাক্ষারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৩টার দিকে গেন্ডারিয়া ১৭৪ ডিস্টিলারি রোডে নুরুল ইসলাম তার সহযোগীদের নিয়ে মিলিত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালায়। অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালালে ৮/১০ মিনিট ধরে গুলিবিনিময় হয়। পরে সুত্রাপুর থানার পুলিশ এবং স্থানীয় লোকজনের সহায়তায় সেখানে তল্লাশি চালিয়ে নুরুল ইসলামের মৃত দেহ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি, ১টি পাইপগান ও ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
নিহত নুরুল ইসলামের পিতা মৃত ছানাউল্লাহ বাবুর্চি। তার বাসা ৭৯,মোহাজনপুর লেন, সুত্রাপুর, ঢাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /জিএমএ/এলএইচ/এমএইচবি/২১১৫ ঘ.
bdnews24