২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্টের হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আবার পিছালো

আওয়ামী লীগের জনসভায় ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি বৃহস্পতিবার চতুর্থবারের মতো পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2008, 10:47 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের জনসভায় ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি বৃহস্পতিবার চতুর্থবারের মতো পিছিয়েছে। একই ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক মামলার অভিযোগ গঠনের শুনানি একই সঙ্গে করার জন্য আসামিদের পক্ষ থেকে আবেদন করা হলে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. মাসদার হোসেন অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৭ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেন। এর আগে মুফতী হান্নানসহ এ মামলায় গ্রেপ্তার ১৩ আসামিকে সকাল ১১টার পর কারাগার থেকে আদালতে আনা হয়। এছাড়া জামিনে থাকা শাহাদাৎ উল্লাহ জুয়েল আদালতে হাজিরা দেয়। হত্যা মামলার বাকি ৮ জন আসামি পলাতক রয়েছেন। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় ওই গ্রেনেড হামলার ঘটনায় অন্তত ২৩ জন নিহত হন। পরে এ ঘটনায় পল্টন থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৬৩৮ ঘ.