জয়পুরহাট, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য এবং পুলিশের অস্ত্র লুটের মামলার অন্যতম আসামি দেলোয়ার হোসেনকে (৩৭)।
বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার বটতলী বাসস্ট্যান্ডে ঢাকা থেকে হিলিগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক মেজর শাহ আলী জানান, দেলোয়ার হোসেন জেএমবি'র উত্তরাঞ্চলীয় কমান্ডার মনতেজার রহমানের ঘনিষ্ঠ সহযোগী। তিনি সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের মোজাফফর মণ্ডলের ছেলে।
দেলোয়ার ২০০৩ সালের ১৪ আগস্ট জেলার ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর গ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও অস্ত্র লুটের মামলার অভিযোগপত্রভূক্ত আসামি। ওই ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২১ ঘ.
bdnews24