২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগের চেয়ে ভাল করেছে চট্টগ্রাম বোর্ড

পাসের হার এবং জিপিএ-৫ উভয় দিক থেকেই এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আগের বছরগুলোর চেয়ে ভাল হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে পৃথক হয়ে ১৯৯৬ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার পর এবারই সব্বোর্চ ৬৭ দশমিক ৬৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ২৭০ শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৬১ দশমিক ৩৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৯১১ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 02:41 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাসের হার এবং জিপিএ-৫ উভয় দিক থেকেই এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আগের বছরগুলোর চেয়ে ভাল হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে পৃথক হয়ে ১৯৯৬ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার পর এবারই সব্বোর্চ ৬৭ দশমিক ৬৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ২৭০ শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৬১ দশমিক ৩৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৯১১ জন। এর আগের বছরগুলোর ফল পর্যবেক্ষণ করে দেখা গেছে, ২০০৬ সালে পাসের হার ৬১ দশমিক ৪৫ এবং জিপিএ-৫ পেয়েছিল এক হাজার ছয় জন, ২০০৫ সালে ৫৫ দশমিক ০৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল এবং জিপিএ-৫ পেয়েছিল ৪৮৫ জন, ২০০৪ সালে পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৩ এবং জিপিএ-৫ পেয়েছিল ২৮৪ শিক্ষার্থী। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউছুফ জানান, ১৯৯৬ সালে বোর্ড প্রতিষ্ঠার পর থেকে উচ্চ মাধ্যামিক পরীক্ষায় পাসের হার এবারই সর্বোচ্চ। তিনি এবারের ফলাফলে সন্তোষ প্রকাশ করেন। বুধবার চট্টগ্রাম বোর্ডের ফলাফল ঘোষণার সময় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মুজিবুল আলম চৌধুরী এবারের ফলাফলকে ইতিবাচক উল্লেখ করে সাংবাদিকদের বলেন, "ছেলে-মেয়েরা এখন অনেক বেশি বইমুখী হয়েছে। এটি দেশ এবং জাতির জন্য অত্যন্ত সুখবর।" নকল প্রবণতা কমে যাওয়া এবং বইয়ের প্রতি শিক্ষার্থীদের মনোযোগ বাড়ায় আগামী কয়েক বছরের মধ্যে বহিস্কারের সংখ্যাও কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। চট্টগ্রাম বোর্ডে এ বছর ১৭৩টি কলেজের ৪১ হাজার ৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ হাজার ৭৫২ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২১ হাজার ৬৯৭ জন ছাত্র এবং ১৯ হাজার ৫৫ জন ছাত্রী। সব মিলিয়ে পাস করেছে ২৭ হাজার ৬৯৬ জন। যার মধ্যে ১৪ হাজার ৮৯০ জন ছাত্র এবং ১২ হাজার ৮০৬ জন ছাত্রী। ছাত্রদের মধ্যে পাসের হার ৬৮ দশমিক ৬৩ এবং ছাত্রীদের মধ্যে পাসের হার ৬৭ দশমিক ২১ শতাংশ। এর মধ্যে ৭০ জন পরীক্ষার্থীর ফল স্থগিত রয়েছে। বিজ্ঞান বিভাগের ৮ হাজার ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫ হাজার ৮৪২ জন। পাসের হার ৭২ দশমিক ৫৭ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগের মোট ২০ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪ হাজার ৮৬১ জন। এদের মধ্যে ছাত্র ৯ হাজার ১৭৪ জন এবং ছাত্রী ৫ হাজার ৬৮৭ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৭২ দশমিক ৩০ শতাংশ। মানবিক বিভাগের মোট ১২ হাজার ১৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬ হাজার ৯৯৩ জন। এদের মধ্যে ছাত্র ২ হাজার ২১৬ জন এবং ছাত্রী ৪ হাজার ৭৭৭ জন। মানবিক বিভাগের পাসের হার ৫৭ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত ১২৭০ জন শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ৭৬১ জন, ব্যবসায় শিক্ষা বিভাগের ৪৫১ জন এবং মানবিক বিভাগের ৫৮ জন। ফল পরিসংখ্যান থেকে জানা গেছে, জিপিএ-৫ প্রাপ্ত ১২৭০ জন শিক্ষার্থীর মধ্যে চতুর্থ বিষয়ের সাহায্য ছাড়া জিপিএ-৫ (গোল্ডেন জিপিএ-৫) পেয়েছে ১৪৭ জন। এ বছর চট্টগ্রাম মহানগরীর কলেজগুলোর পাসের হার ৭৫ দশমিক ৪৩ শতাংশ। মহানগরী বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার ৬০ দশমিক ৯০ শতাংশ। আগের বছর জেলার পাশের হার ছিল ৫২ দশমিক ৩৮ শতাংশ। এছাড়া কক্সবাজার জেলায় পাসের হার ৬১ দশমিক ৯৩, বান্দরবানে ৬৩ দশমিক ৬৪, রাঙামাটিতে ৫৭ দশমিক ৯৪ এবং খাগড়াছড়িতে ৫৭ দশমিক ৯৪ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/কিউএইচ/এমএসবি/এমএইচবি/২০৩৪ ঘ.