২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার মামলায় খালেদার জামিননামা গ্রহণ করেছে আদালত

চারটি দুর্নীতি মামলায় বুধবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিননামা গ্রহণ করেছে আদালত। তার আইনজীবীরা আশা করছেন, খালেদা জিয়া বুধবারই মুক্তি পেতে পারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 11:44 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারটি দুর্নীতি মামলায় বুধবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিননামা গ্রহণ করেছে আদালত। তার আইনজীবীরা আশা করছেন, খালেদা জিয়া বুধবারই মুক্তি পেতে পারেন। আইনজীবীরা দুপুরের পর থেকে বিশেষ জজ আদালত-৩ এ গ্যাটকো মামলার; বিশেষ জজ আদালত-৯ এ নাইকো মামলার এবং মুখ্য মহানগর হাকিম আদালত-৩ এ জিয়া এতিমখানা ও বড়পুকুরিয়া খনি দুর্নীতি মামলায় খালেদার জামিননামা দাখিল করেন। চার মামলাতেই ১ লাখ টাকা মুচলেকার বিনিময়ে আদালত জামিননামা গ্রহণ করে। মামলাগুলোতে জামিনের জন্য আইনজীবী হিসেবে সানাউল্লাহ মিয়া ও স্থানীয় অভিভাবক হিসেবে মাসুদ তালুকদারের নাম উল্লেখ করা হয়েছে। খালেদার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা চারটি দুর্নীতি মামলার জামিননামা আদালত গ্রহণ করেছে।" তিনি বলেন, "আদালত আমাদের জানিয়েছে, জামিন সংক্রান্তকাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর কোনো সমস্যা না হলে আজই তিনি মুক্তি পাবেন বলে আশা করছি।" এদিকে গ্যাটকো ও নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন মঞ্জুর করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বুধবার সকালে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন। হাইকোর্ট মঙ্গলবার এ দুটি মামলায় বিএনপি চেয়ারপারসনকে তিন মাসের অর্ন্তর্বতীকালীন জামিন দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গত বছর ৩ সেপ্টেম্বর খালেদা জিয়াকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৭৩৫ ঘ.