২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনিক নির্দেশে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়: বাণিজ্য উপদেষ্টা

প্রশাসনিক নির্দেশে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় জানিয়ে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, খুচরা ও পাইকারি বাজারে পণ্যের দামের পার্থক্য কমাতে ব্যবস্থাপনার উন্নয়ন ঘটাতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2008, 08:31 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনিক নির্দেশে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় জানিয়ে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, খুচরা ও পাইকারি বাজারে পণ্যের দামের পার্থক্য কমাতে ব্যবস্থাপনার উন্নয়ন ঘটাতে হবে। রোববার সচিবালয়ে বাজার পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। উপদেষ্টা বলেন, "প্রশাসনিক নির্দেশে খুচরা ও পাইকারি বাজারের পণ্য মূল্যের পার্থক্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বাজার ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে এ দুই বাজারের পণ্য মূল্যের গ্যাপ (পার্থক্য) কমাতে হবে।" বাজার পরিস্থিতি সহনীয় রাখতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে হোসেন জিল্লুর দাবি করেন। আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের দাম কমার প্রভাবে স্থানীয় বাজারেও দাম কমবে বলে তিনি আশা প্রকাশ করেন। উপদেষ্টা বলেন, "আমরা তিনটি বিষয় নিশ্চিত করেছি। সাপ্লাই লাইন সিকিউরড, মূল্যের স্থিতিশীল গতিপ্রবাহ এবং দরিদ্র ক্রেতাদের কাছে পণ্য বিক্রির জন্য ভর্তুকিসহ বিশেষ ব্যবস্থা। আর একদিনের জন্য মূল্য স্থির নয় বরং সবসময়ের জন্য মূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখতে আমরা কাজ করে যাচ্ছি।" রোজায় নিত্য প্রয়োজনীয় পণ্যের কয়েকটির দাম কমেছে এবং বাকিগুলোর দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে দাবি করে হোসেন জিল্লুর বলেন, "চাল, পেঁয়াজ, আটা, ময়দার দাম রোজার প্রথম সপ্তাহে স্থিতিশীল রয়েছে। কমেছে তেল, ডাল, ছোলা ও আলুর দাম।" "তবে 'অফ সিজনে' চাহিদা বেশি থাকায় বেগুন ও শশা এবং সেই সঙ্গে আদা ও চিনির দাম কিছুটা বেড়েছে", স্বীকার করেন তিনি। উপদেষ্টা জানান, এবার সেপ্টেম্বর মাসে দেশে ১১ লাখ ৮৭ হাজার মেট্রিক টন চাল মজুদ রয়েছে। এ মজুদকে রেকর্ড বলে দাবি করেন তিনি। খোলাবাজারে চাল বিক্রিতে ক্রেতাদের সাড়া না মেলার (ওএমএস) বিষয়ে হোসেন জিল্লুর বলেন, "দরিদ্রদের জন্য ওএমএস কার্যক্রম শুরুতে ব্যাপক সাড়া ফেলেছিল। কিন্তু পরে বিভিন্ন জায়গায় চালের দাম কমে যাওয়ায় এখন বিক্রি কমে গেছে।" ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, "এ কর্মসূচির মাধ্যমে আগামী ১৫ সেপ্টেম্বরের পর থেকে প্রতিদিন ২০ লাখ লোকের হাতে ২০ কোটি টাকা আসবে। এটি বাজারের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।" সভার আলোচ্য বিষয়ে হোসেন জিল্লুর রহমান জানান, দরিদ্রদের জন্য নতুন কোনও উদ্যোগ নিতে হবে কিনা, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, পণ্য সরবরাহ, বাজার তদারকি চলছে কি না- এ বিষয়গুলো নিয়ে সভায় আলোচনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/এফএফ/এমআই/১৪৩৩ ঘ.