২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে স্বাস্থ্য কেন্দ্রে শিশুর মৃত্যু, চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে শান্ত (২) নামের একটি শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2008, 03:12 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

শরীয়তপুর, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে শান্ত (২) নামের একটি শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনা হয়েছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করে স্বাস্থ্য কেন্দ্র থেকে বেরিয়ে যান। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ আহম্মেদ মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি 'অনাকাঙ্খিত' ঘটনা ঘটে গেছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীও চিকিৎসকদের সঙ্গে তিনি বৈঠক করবেন। এলাকাবাসী জানান, উপজেলার দক্ষিণ বাইকস্যা গ্রামের দিনমজুর দানেশ বেপারীর ছেলে শান্ত পানিতে পড়ে অজ্ঞান হয়ে যাওয়ার পর তার কাকা চিকিৎসার জন্য সকাল ৯টা দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাকে দেখেননি। শান্তর মা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ডাক্তার জিয়াউল হক বাইরে জরুরি কাজ আছে বলে চলে যান এবং অন্য কাউকে দেখাতে বলেন। পরে আসলাম নামের একজন স্বাস্থ্য সহকারী তাকে দেখে বলেন সে মারা গেছে। অথচ বাড়িতে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে আসে বলে দাবি করেন আমেন খাতুন। তিনি জানান, চিকিৎসার জন্য আবার তাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে চিকিৎসকদের কথা কাটাকাটি হয়। চিকিৎসকরা তাকে দেখতে কালক্ষেপণ করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউল হকও উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে তার ছেলে শান্ত মারা যায় বলে আমেনা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০২ ঘ.