রাজশাহী, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও এর সহযোগী সংগঠন যুবমৈত্রী ও ছাত্রমৈত্রীর একদল নেতাকর্মী পদত্যাগ করেছেন।
পদত্যাগীরা দাবি করেছেন- তাদের সঙ্গে প্রায় তিনশ' নেতাকর্মী রয়েছেন।
তবে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদক লিয়াকত আলী লিকুর দাবি, যুবমৈত্রীর নগর সভাপতি মাহফুজুল হাসনাইন হিকোল ছাড়া অন্যদের সঙ্গে পার্টির কোন সম্পর্ক নেই।
শনিবার দুপুরে রাজশাহীর একটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে যুবমৈত্রী নেতা হিকোল পদত্যাগের বিষয়টি জানান।
লিখিত বক্তব্যে তিনি নাম উল্লেখ না করে পার্টির কয়েকজন নেতার বিরুদ্ধে অগণতান্ত্রিক ও আমলাসূলভ মনোভাবের অভিযোগ আনেন।
পদত্যাগীরা দাবি করেন, গত ৪ আগস্ট অনুষ্ঠিত রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে পার্টির 'অযোগ্য' নেতৃত্ব খায়রুজ্জামান লিটনকে সমর্থন দেননি। লিটনকে সমর্থন না দেওয়ার এ সিদ্ধান্ত জনগণের মধ্যে ব্যাপক সমালোচিত হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা যুবমৈত্রীর সভাপতি এসএম আশরাফুল হক তোতা, শাহ্ মখ্দুম থানা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মো. ফারুক হোসেন, যুবমৈত্রী বোয়ালিয়া থানা সভাপতি মো. শাহীন শেখ, ছাত্রমৈত্রী মহানগর শাখার সভাপতি মো. রেজুওয়ান আলী রাজুসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
এ ব্যাপারে ওয়ার্কার্স পার্টির নগর সম্পাদক লিয়াকত আলী লিকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একমাত্র যুবমৈত্রীর নেতা মাহফুজুল হাসনাইন হিকোল ছাড়া অন্যদের সঙ্গে ওয়ার্কাস পার্টির কোন ধরনের সম্পর্ক নেই।"
পদত্যাগকারীদের সংখ্যা নিয়েও দ্বিমত পোষণ করে তিনি বলেন, "বড় জোর ১৫ থেকে ২০ জন যুবমৈত্রীর নেতা সংবাদ সম্মেলন করেছেন বলে আমি জানতে পেরেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৮ ঘ.
bdnews24