২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্কট কাটাতে প্রধান দুই দলের সংলাপ চান সা কা চৌ

সদ্য জামিনে মুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, সরকার বা নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ করে কখনোই দেশের পরিস্থিতি বদলানো যাবে না। এর জন্য প্রয়োজন প্রধান দুই দলের দায়িত্বশীল নেতৃবৃন্দের মধ্যে সংলাপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2008, 11:31 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য জামিনে মুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, সরকার বা নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ করে কখনোই দেশের পরিস্থিতি বদলানো যাবে না। এর জন্য প্রয়োজন প্রধান দুই দলের দায়িত্বশীল নেতৃবৃন্দের মধ্যে সংলাপ। শনিবার সকালে নগরীর গুডস হিলের বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়ের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। গাজীপুর কাশিমপুর কারাগার থেকে শুক্রবার সকালে জামিনে মুক্তির পর সালাউদ্দিন কাদের রাতেই চট্টগ্রাম পৌঁছান। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সা কা চৌধুরী বলেন, "ওয়ান ইলেভেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনা এবং একসঙ্গে কাজ করার মানসিকতা তৈরি করে দিয়েছে।" সালাউদ্দিন কাদের বলেন, "ভৌগোলিকভাবে নয়, রাজনৈতিকভাবে বাংলাদেশের সীমানা নির্ধারিত হয়েছে। এ ঐতিহ্যের কারণেই সেনাবাহিনী বা বাইরের কোনো শক্তি দিয়ে পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। রাজনৈতিক দল ও নেতাদের মাধ্যমেই তা হবে।" বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, "খালেদা জিয়া মনোনীত মহাসচিবের বদলে কাল্পনিক একজনকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে নির্বাচন কমিশন প্রথমেই নিজেদের বির্তকিত করেছে। আর পরে 'ভুল' হয়েছে বলে দুঃখ প্রকাশ করছে।" এই 'বেহুদা' নির্বাচন কমিশন দিয়ে 'সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন' সম্ভব নয় মন্তব্য করে সর্বজনগ্রাহ্য একটি নির্বাচন কমিশন গঠনের দাবি জানান সা কা চৌধুরী। তার মতে, নতুন নির্বাচন কমিশন গঠন করা হলেও ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব। ২০০৭ সালের ১১ জানুয়ারির (ওয়ান ইলাভেন) পর বিএনপিতে মতভেদ প্রসঙ্গে তিনি বলেন, "বিএনপি অনেক বড় দল, প্রশান্ত মহাসাগরের মতো। এতে কতো নদীর পানি মিশছে তার কোনো ঠিক নেই। বড় দলে মতভেদ থাকবেই। কাজের মধ্য দিয়েই তা ঠিক হবে।" তবে কিছু 'সুবিধাবাদী নেতা' সাময়িক ফায়দা লুটার জন্য দলে বিভেদ সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি। এক প্রশ্নের জবাবে একাধিক দুর্নীতি মামলার আসামি সা কা চৌধুরী বলেন, "দুর্নীতি বিরোধী অভিযানের দরকার আছে। তবে দুর্নীতি দমন কমিশনের কিছু কর্মকর্তা মাঝে মধ্যে যেভাবে 'পাগলের প্রলাপ' বকেন, তা দিয়ে দুর্নীতি দমন সম্ভব নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/জেকে/জিএনএ/১৭২১ ঘ.