২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় যমুনার বাঁধে আবারও ভাঙন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় আবারও যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে গেছে। শুক্রবার ভোররাতে উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের তালুকদারপাড়ায় বাঁধের প্রায় ১৫ মিটার অংশ ধসে যায়। বুধবার ওই এলাকার যে স্থানে বাঁধ ভেঙেছিল সেখান থেকে মাত্র ৩০০ মিটার দূরে আবার বাঁধ ভাঙল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2008, 02:02 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

বগুড়া, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় আবারও যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে গেছে। শুক্রবার ভোররাতে উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের তালুকদারপাড়ায় বাঁধের প্রায় ১৫ মিটার অংশ ধসে যায়। বুধবার ওই এলাকার যে স্থানে বাঁধ ভেঙেছিল সেখান থেকে মাত্র ৩০০ মিটার দূরে আবার বাঁধ ভাঙল। তবে পানি উন্নয়ন বোর্ড দ্রুত বালূর বস্তা ফেলে মেরামত করায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এবং বাঁধ ভেঙে যাওয়ায় পাশের বাঙালি নদীও এখন বিপদ সীমার ওপর দিয়ে বইছে। নদী দুটির পানি একই সঙ্গে বাড়তে থাকায় উপজেলার চন্দনবাইশা, কুতুবপুর, কামালপুর, ভেলাবাড়ী ও কামালপুর- এ পাঁচ ইউনিয়নের হাজার হাজার মানুষ দীর্ঘস্থায়ী বন্যার আশংকা করছেন। বন্যা কবলিত মানুষের জন্য স্থানীয় প্রশাসন নতুন করে আরও চারটি আশ্রয় কেন্দ্র খুলেছে। পানিবন্দি হয়ে পড়া লোকজনকে সরিয়ে নিতে সেনাবাহিনী শুক্রবার সকাল থেকে উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বগুড়া বিভাগের নির্বাহী প্রকৌশলী সরদার সিরাজুল হক সাংবাদিকদের বলেন, ভোররাত ৩টার দিকে চন্দনবাইশা ইউনিয়নের তালুকদারপাড়ায় আবারও বাঁধের ১৫ মিটার অংশ ভেঙে গছে। তবে নতুন করে ভেঙে যাওয়া অংশ বালির বস্তা ফেলে দ্রুত মেরামত করা হয়েছে। ফলে ওই অংশ দিয়ে পানি আর ঢুকতে পারছে না বলে তিনি জানান। এর আগে বুধবার ভোররাতে তালুকদারপাড়ায় বাঁধের ১৫০ মিটার অংশ পানির চাপে ধসে গিয়েছিল। মূহূর্তে ভেসে গিয়েছিল শতাধিক বাড়িঘর। পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, যমুনার পানি ২৪ ঘন্টার ব্যবধানে আরও ৫ সেন্টিমিটার বেড়ে শুক্রবার সকালে বিপদসীমার ৯১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পাশের বাঙালি নদীর পানিও বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহেদুর রহমান জানান, বুধবার বাঁধ ভাঙার ফলে চন্দনবাইশা এবং পার্শ্ববর্তী কুতুবপুর ও কামালপুরের অন্তত তিন হাজার পরিবারের প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তিনি জানান, ২০ থেকে ২৫টি গ্রাম বন্যা কবলিত। গৃহহীন মানুষদের জন্য নদীতীর ও বাঁধ সংলগ্ন এলাকায় আরও ৪টি নতুন আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত আটটি আশ্রয় কেন্দ্রে ৩২১টি পরিবারের প্রায় দেড় হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। জেলা ত্রাণ ও দুর্যোগ বিভাগ জানায়, বৃহস্পতিবার পর্যন্ত মোট ৩৬৫টি ঘর বিধ্বস্ত হয়েছে। বন্যায় তিনটি ইউনিয়নের ৪৭৫ হেক্টর রোপা আমন ফসল বিনষ্ট হয়েছে। সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের উদ্যোগে শুক্রবার সকালে সারিয়াকান্দিতে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে খাবার, শাড়ি বিতরণ করা হয়। ব্রিগেডিয়ার জেনারেল এমাদুল হক চন্দনবাইশা এলাকায় ৩০০ প্যাকেট শুকনা খাবার ( প্রতি প্যাকেটে ৩ কেজি করে চাল, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম গুড় ও ১ কেজি আলু) বন্যার্তদের মাঝে বিতরণ করেন। এছাড়া দুস্থ মহিলাদের ১০০টি শাড়িও দেওয়া হয়। ত্রাণসামগ্রী বিতরণ কালে অন্যান্যের মধ্যে যৌথবাহিনীর জেলা কমাণ্ডার লেফট্যানেন্ট কর্নেল মো. মনিরুজ্জামান, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আইয়ুব হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহেদুর রহমান উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান দুপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে তাদের ত্রাণ সহায়তার আশ্বাস দিয়েছেন। গোপালগঞ্জ: পানির প্রবল চাপে কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের আটাশীবাড়ী-ভাংগার হাট বেড়িবাঁধ বৃহস্পতিবার রাতে ভেঙে গেছে। শুক্রবার দুপুর পর্যন্ত বাঁধের প্রায় ৫০ ফুট অংশ ধসে যায়। ভাঙন অব্যাহত আছে। বাঁধ ভেঙে কয়েকশ মাছের ঘের ও প্রায় এক হাজার একর জমির ধান তলিয়ে গেছে। বৃহস্পতিবার বিকেলে বাঁধের এ অংশে ফাটল দেখা দিলে স্থানীয়রা মাটি ফেলে প্রতিরোধের চেষ্টা করে ব্যর্থ হয়। এলাকার কাজী দেলোয়ার হোসেন, ফারুক কাজী, আমস বাড়ৈ, তরু মোল্লা ও আজম মিয়া জানান, বাঁধটি ভেঙে যাওয়ায় ভুতুড়িয়া, আটাশীবাড়ী, নাড়কেলবাড়ী, রাজিন্দাপাড়, বটবাড়ী, হাসুয়া, বান্ধাবাড়ী, ফরাজী পাড়সহ ১০ টি গ্রামে সঙ্গে সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাধাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ভীম চরম বাগচী বলেন, দ্রুত মেরামত না করলে বাঁধের ভেতরে কমপক্ষে ১০টি গ্রাম ও সহস্রাধিক মাছের ঘের এবং দুই হাজার একর রোপা আমন ধানের জমি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/এসকে/১৯৫২ ঘ.