২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে টর্নেডোর আঘাতে দুশ' পরিবার ক্ষতিগ্রস্ত, আহত ৫০

জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার ছয়টি গ্রামে শুক্রবার ভোর রাতে টর্নেডোর আঘাতে দুই শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫০ জন। ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হল- মেলান্দহের ফুলকোচা ইউনিয়নের তেলিপাড়া, রেখিরপাড়া, চিনাসুখপাড়া, গুমড়াপাড়া ও পাহাড়ি পটল গ্রাম এবং মাদারগঞ্জের আদারভিটা ইউনিয়নের বাইসতেপাড়া গ্রাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2008, 01:51 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

জামালপুর, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার ছয়টি গ্রামে শুক্রবার ভোর রাতে টর্নেডোর আঘাতে দুই শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫০ জন। ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হল- মেলান্দহের ফুলকোচা ইউনিয়নের তেলিপাড়া, রেখিরপাড়া, চিনাসুখপাড়া, গুমড়াপাড়া ও পাহাড়ি পটল গ্রাম এবং মাদারগঞ্জের আদারভিটা ইউনিয়নের বাইসতেপাড়া গ্রাম। গ্রামবাসীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে তিনটার দিকে আকস্মিক গরম বাতাস ওঠে এবং মুহূর্তের মধ্যে বিকট শব্দে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়। ঘরবাড়ির চালা ও বেড়া উড়ে গিয়ে অন্য গ্রামে পড়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। রেখির পাড়া গ্রামের আন্না বেগম জানান, টর্নেডোর সময় দেড় বছরের ছেলে রাব্বীকে নিয়ে তিনি টিনের চালের নিচে চাপা পড়েন। অনেকক্ষণ পর প্রতিবেশীরা তাদের উদ্ধার করেন। তিনি বলেন, "শো শো শব্দ কইরা ঘূর্ণিঝড় আইয়া সব উড়াই নিয়া গেছে গা। পুনাই (ছেলে) নিয়া চাপে পড়ছিলাম। টিনের নিচ আছিলাম। সবাই আইসা বাইর করছে।" ফুলকোচা ইউনিয়নের চেয়ারম্যান মনজুরুল ইসলাম বলেন, "মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আমি সকালে টর্নেডো বিধ্বস্ত গ্রামগুলো পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির তালিকা করা হচ্ছে। এ ইউনিয়নের পাঁচটি গ্রামে অন্তত ৩০ জন আহত হয়েছেন।" মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ আলম চৌধুরী বলেন, "আমি টর্নেডো কবলিত গ্রামগুলো দেখে এসেছি। ফুলকোচা ইউনিয়নের পাঁচটি গ্রামের ক্ষতিগ্রস্ত ১২০টি পরিবারের তালিকা করা হয়েছে। তাদের আজকালের মধ্যে সরকারি ত্রাণ সহায়তা দেওয়া হবে।" মাদারগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, এ উপজেলার বাইসতেপাড়া গ্রামের প্রায় ৮০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন ২০ জনের মতো। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৩৬ ঘ.