২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী ফরিদুল মুক্ত, গ্রেপ্তার ২

নগরীর ফয়'স লেক এলাকা থেকে অপহৃত রেস্টুরেন্ট ব্যবসায়ী ফরিদুল আলম আশরাফীকে পুলিশি অভিযানের মুখে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। এ ব্যাপারে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2008, 04:57 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ফয়'স লেক এলাকা থেকে অপহৃত রেস্টুরেন্ট ব্যবসায়ী ফরিদুল আলম আশরাফীকে পুলিশি অভিযানের মুখে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। এ ব্যাপারে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর রাতে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে ফরিদুল অপহৃত হন। এরপর বুধবার রাত ১১টার দিকে নগরীর মনসুরাবাদ এলাকার হানিফ বাস সার্ভিসের কাউন্টারের সামনে এনে ফরিদুলকে ছেড়ে দেয়া হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সালাউদ্দিন ভুট্টো ও মো. আলীম নামে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ফরিদুলকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা ও খুলশি থানার উপ-পরিদর্শক ফজলুর রহমান ফারুকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসামিদের গ্রেপ্তারের জন্য বুধবার রাতে সম্ভাব্য স্থানগুলোতে অভিযান শুরু হলে অপরহণকারীরা বুধবার ১১টার দিকে ফরিদুলকে ছেড়ে দেয়। মুক্তি পাওয়ার পর ফরিদুল নিজের রেস্টুরেন্টে ফোন করে বিষয়টি জানান। উপ-পরিদর্শক ফারুকী জানান, গ্রেপ্তারকৃত ভুট্টো ও আলীম মামলার এজাহারভুক্ত আসামি। অপর আসামি কামরুলকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/২২২০ ঘ.