খুলনা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মিথ্যা হলফ নামা দেওয়ার অভিযোগে খুলনা সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মোসাদ্দেক হোসেন বাবুলের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী আদালতে মামলাটি করেন একই ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী এসএম খুরশীদ আলম।
তিনি বাবুলের নির্বাচনী ফল বাতিলের আবেদনও জানিয়েছেন।
আদালত মামলাটি গ্রহণ করে সদর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, মোসাদ্দেক হোসেন বাবুল বর্তমানে দুটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি- এ তথ্য হলফনামায় গোপন করেছেন। তার আয়কর হিসাবের দুটি কর সনাক্তকরণ নম্বর (টিআইএন) রয়েছে। কিন্তু গত ১০ বছর ধরে তিনি নিয়মিতভাবে ও প্রকৃত আয়কর দেন না।
আরও অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে বাবুল নির্ধারিত সীমার অতিরিক্ত অর্থ ব্যয় করেছেন এবং সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করেছেন। আয়ের সঠিক তথ্য তিনি হলফনামায় দেননি। তার নামে ২৫ লাখ টাকা দামের একটি দোতলা ভবন রয়েছে যা তিনি হলফনামায় গোপন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫১ ঘ.
bdnews24