২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঙ্গু হাসপাতালে শিক্ষার্থী ও কর্মচারিদের সংঘর্ষে আহত ২০

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) শিক্ষার্থীদের সঙ্গে কর্মচারী ও চিকিৎসকদের সংঘর্ষে বৃহস্পতিবার অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2008, 12:07 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) শিক্ষার্থীদের সঙ্গে কর্মচারী ও চিকিৎসকদের সংঘর্ষে বৃহস্পতিবার অন্তত ২০ জন আহত হয়েছে। ফিজিওথেরাপি কোর্সের শিক্ষার্থী ও হাসপাতাল কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। হাসপাতালে ভাঙচুরের অভিযোগে পুলিশ এক শিক্ষকসহ নয় জনকে আটক করেছে। পঙ্গু হাসপাতালের পরিচালক এ কে এম ইসহাক বলেন, "বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফিজিওথেরাপি কোর্সের শিক্ষার্থীরা একদল বহিরাগতকে সঙ্গে নিয়ে হাসপাতালের দোতলায় শ্রেণীকক্ষ, শিক্ষকদের কক্ষ, অফিস কক্ষের আসবাবপত্র ও জানালার কাচ ভাঙচুর করে। কর্মচারিরা তাদের বাধা দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। এতে পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে।" পরিচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফিজিওথেরাপি কোর্সের শিক্ষার্থীরা হাসপাতালের অভ্যন্তরে পূর্ণাঙ্গ কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। এ কে এম ইসহাক দাবি করেন, বুধবার শিক্ষার্থীরা তাকে কক্ষে আটকে রেখে 'কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে আপত্তি নেই'- এই মর্মে লিখিত নেওয়ার চেষ্টা চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফিজিওথেরাপি কোর্সের শেষ বর্ষের শিক্ষার্থী ফারজানা ফেরদৌসী পরিচালকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে বলেন, "কলেজ করার জন্য টাকা থেকে শুরু করে সবকিছু বরাদ্দ হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে পরিচালকের আপত্তি না থাকার বিষয়টি লিখিত আকারে জানাতে বলেছে। অথচ পরিচালক তা দিতে টালবাহানা করছেন।" ফারজানা বলেন, "আজ (বৃহস্পতিবার) সকালে সবাই ক্লাসে এলে কিছু শিক্ষক ও কর্মচারি আমাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার জন্য আমরা কোর্স সমন্বয়কারী হুমায়ূন কবিরের কক্ষে আশ্রয় নিলে তারা সেখানেও হামলা চালায়। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে।" তিনি বলেন, পরে পুলিশ এসে শিক্ষার্থীদের উদ্ধার করে। কিন্তু পরিচালক 'মিথ্যা অভিযোগ' করায় কয়েকজন শিক্ষার্থীকে থানায় নিয়ে যায়। শিক্ষার্থীদের অভিযোগের ব্যাপারে জানতে চাওয়া হলে পরিচালক বলেন, "ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা চাই হাসপাতালের ভেতর পূর্ণাঙ্গ কলেজ না হয়ে আশেপাশের কোনো ভাল জায়গায় হোক।" তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বলেন, " ভাঙচুরের ঘটনায় ফিজিওথেরাপি কোর্সের সমন্বয়কারী হুমায়ূন কবিরসহ নয় জনকে আটক করা হয়েছে। হাসপাতালের পরিচালক এ কে এম ইসহাক এ ব্যাপারে হুমায়ূন কবিরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করার জন্য থানায় কাগজপত্র দিয়েছেন। আহত শিক্ষার্থীদের মধ্যে সুমন, রুনা, নিরূপম, লিজা, মাসুমসহ ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ফিজিওথেরাপি কোর্সের সব ক্লাস ও পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে পরিচালক জানান । আহত চিকিৎসকরা হলেন ডা. সাইফুল ইসলাম ও আল মামুন। তারা পঙ্গু হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। আটক শিক্ষার্থীরা হলেন- জোবায়ের আলম, এস এম নোমান, শামসুল ইসলাম, মইন আহমেদ, মনিরুজ্জামান, তাসিল উদ্দিন, রফিকুল ইসলাম ও রাসেল রানা। আটক শিক্ষকের নাম হুমায়ূন কবির। তিনি ফিজিওথেরাপি কোর্সের সমন্বয়কারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএআর/জেকে/এসকে/১৭৪২ঘ.