২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

কুয়েতে বাংলাদেশী কর্মীদের দুর্ভোগের বিষয়ে দেশটির উপ-প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল সেলিম আল সাবাহর সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী। শেখ সাবাহ এ ব্যাপারে দোষী কুয়েতী প্রতিষ্ঠানগুলোকে শাস্তি দেওয়ার ব্যাপারে উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2008, 04:13 PM

Updated : 07 Jul 2022, 05:50 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়েতে বাংলাদেশী কর্মীদের দুর্ভোগের বিষয়ে দেশটির উপ-প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল সেলিম আল সাবাহর সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী। শেখ সাবাহ এ ব্যাপারে দোষী কুয়েতী প্রতিষ্ঠানগুলোকে শাস্তি দেওয়ার ব্যাপারে উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন।

পররাষ্ট্র উপদেষ্টা দুদিনের রাষ্ট্রীয় সফরে বুধবার কুয়েত পৌঁছান।

কুয়েতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে টেলিফোনে বলেন, "কুয়েতে বাংলাদেশী কর্মীদের দুর্ভোগ ও তা সমাধানের বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। বাংলাদেশী কর্মীদের অধিকার লঙ্ঘনে দায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আমাকে আশ্বস্ত করেছেন শেখ সাবাহ।"

উপদেষ্টা জানান, চুক্তি অনুযায়ী বেতন পরিশোধ না করাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তিনি সাবাহ।

পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের ব্যাপারেও কুয়েতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

সকালে কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়েত সিটির পথে যাত্রা করেন উপদেষ্টা।

বৃহস্পতিবার কুয়েতের প্রধানমন্ত্রী শেখ নাসের আল মোহাম্মদ সাবাহ আল- সালেম আল সাবাহর সঙ্গে তার দেখা করার কথা রয়েছে। এছাড়া কুয়েতে বাংলাদেশী কর্মীদের সঙ্গে দেখা করে তাদের সেদেশের আইন মেনে চলার অনুরোধ জানাবেন বলেও জানিয়েছেন ইফতেখার চৌধুরী।

গত ২৭ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশী শ্রমিকদের সমস্যাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার জন্য উপদেষ্টা কুয়েত যাচ্ছেন। দুদেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টিও আলোচনায় স্থান পাবে।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুয়েত সফরে আমি স্থানীয় বাংলাদেশীদের সঙ্গে কথা বলবো। আমি সেদেশের আইন মেনে চলার জন্য তাদের অনুরোধ করবো ।"

মজুরি বৃদ্ধি ও কাজের পরিবেশের উন্নয়নের দাবিতে গত জুলাই মাসে কুয়েতে অবস্থানরত কয়েক হাজার বাংলাদেশী শ্রমিক ধর্মঘট ও সহিংস বিক্ষোভ করে। এর পরিপ্রেক্ষিতে আইনভঙ্গের অভিযোগে কুয়েত সরকার এ পর্যন্ত এক হাজার ২৫০ জন বাংলাদেশীকে ফেরত পাঠিয়েছে।

শ্রমিক বিক্ষোভ সমস্যা সমাধানে সে সময় কুয়েতের তিনজন মন্ত্রীকে টেলিফোনে আহ্বান জানান উপদেষ্টা। শ্রমিক বিক্ষোভসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার জন্য কুয়েতের মন্ত্রীরা তাকে কুয়েত সফরে আমন্ত্রণ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/ইএইচবি-এএইচডি/এফএফ/টিএইচ/এমএইচবি/২১৩৮ ঘ.