বরিশাল, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এস শরফুদ্দীন সান্টুর দায়ের করা মামলায় আদালতে হাজির হতে শওকত হোসেন হিরণ এবং বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের অপর মেয়র প্রার্থীরাসহ ১৬ জনের প্রতি সমন জারি করা হয়েছে।
নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক বরিশাল প্রথম অতিরিক্ত যুগ্ম জেলা জজ অহিদুজ্জামান বুধবার সমন জারির এ আদেশ দেন।
গত ৪ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ নেতা শওকত হোসেন হিরণ মেয়র নির্বাচিত হন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পরাজিত প্রার্থী পিডিপি নেতা সান্টু সে ফলাফল প্রত্যাখ্যান করেন।
নির্বাচনী ফলাফল বাতিল এবং তাকে বিজয়ী ঘোষণার দাবি জানিয়ে সান্টু মঙ্গলবার আদালতে মামলা করেন।
বিচারক ১৬ মেয়র প্রার্থীকে আগামী ৪ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে নির্বাচন সংক্রান্ত কাগজপত্র আদালতে উপস্থাপনের জন্যও রিটার্নিং কর্মকর্তাকে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩১ ঘ.
bdnews24