বাগেরহাট, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন-ভাতা বৃদ্ধি ও মহার্ঘ্য ভাতার দাবিতে খুলনাঞ্চলের নৌযান শ্রমিকদের ধর্মঘট অব্যাহত রয়েছে।
বিষয়টি সুরাহা করতে বৃহস্পতিবার ঢাকায় বৈঠকে বসবে সরকার, নৌযান মালিক ও শ্রমিক প্রতিনিধিরা। তবে শ্রমিক ধর্মঘটকে অবৈধ দাবি করে নৌযান মালিকরা বলছেন, শ্রমিক নেতা নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্যই এ ধর্মঘট ডেকেছে।
এদিকে ধর্মঘটের দ্বিতীয় দিন বুধবার খুলনাঞ্চলের নৌযানগুলো অলস পড়ে ছিল। ফলে মংলা বন্দর এলাকায় অবস্থানরত ঢাকা ও বরিশালের মালিকদের নৌযান দিয়ে মঙ্গলবার রাতের পালা থেকে বন্দরে অবস্থানরত একটি বিদেশি জাহাজের সার খালাস করা হয়।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা জানান, খুলনাঞ্চলের নৌযান মালিকরা শ্রমিকদের বর্ধিত বেতন ভাতা কার্যকর এবং অন্তর্বর্তীকালীন ভাতা দেওয়া শুরু না করায় তারা ধর্মঘট ডেকেছেন।
ধর্মঘটের কারণে খুলনাঞ্চলের প্রায় দুইশ বার্জ, কার্গো, সার্ভিস লঞ্চ, টোইং বোট চলাচল বন্ধ রয়েছে। খুলনা বিভাগীয় আভ্যন্তরীণ নৌ পরিবহন মালিক গ্র"পের আওতায় বর্তমানে ৫০০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন ৬১টি বার্জ এবং ৭০০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন ১২৫টি কার্গো রয়েছে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কাশেম মাস্টার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।"
কাশেম মাস্টার দাবি করেন, বাংলাদেশের সব নৌরুটে মালিকরা শ্রমিকদের দাবি মেনে নিয়েছে। শুধু খুলনাঞ্চলের নৌযান মালিকরা তা মেনে নেয়নি।
শ্রমিকদের বক্তব্যের বিরোধিতা করে খুলনা বিভাগীয় আভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্র"পের সভাপতি ওয়াহিদুজ্জামান খান পল্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ২৮ জুলাই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খুলনাঞ্চলের শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়টি সমাধান হয়নি। ফলে মালিকদের পক্ষে শ্রমিকদের দাবিকৃত বেসিকের ওপর শতকরা ৬১ ভাগ হারে বেতন বৃদ্ধি সম্ভব হয়নি।"
তিনি দাবি করেন, বাজারের অবস্থা বিবেচনায় এনে সব মালিকই ইতোমধ্যে ব্যক্তিগত উদ্যোগে শ্রমিকদের বেতন বাড়িয়েছেন।
ওয়াহিদুজ্জামান জানান, খুলনাঞ্চলের শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে বৃহস্পতিবার ঢাকায় সভা ডাকা হয়েছে।
তিনি বলেন, "সভার ঠিক আগ মূহূর্তে ধর্মঘট ডাকা উদ্দেশ্যমূলক। শ্রমিক নেতারা নিজেদের ফায়দা হাসিলের জন্য এ কর্মসূচি দিয়েছে।"
এদিকে নৌযান শ্রমিকদের কর্মবিরতির কোনও প্রভাব বন্দরে পড়বে না জানিয়ে মংলা বন্দরের চেয়ারম্যান আশরাফ মোহম্মদ ইকবাল বলেছেন, "মংলা বন্দরে জাহাজ থেকে মাল খালাস কাজ অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।"
বন্দর এলাকায় অবস্থানরত ঢাকা ও বরিশালের মালিকদের নৌযান দিয়ে মঙ্গলবার রাতের পালা থেকে বন্দরে অবস্থানরত একটি বিদেশি জাহাজের সার খালাস করা হয়। তবে বন্দর সংশ্লিষ্টদের আশঙ্কা, ধর্মঘট চলতে থাকলে নৌযান সঙ্কটে বুধবার রাতের পালা থেকে বন্দরে জাহাজ থেকে মাল খালাস বন্ধ হয়ে যেতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০৯ ঘ.
bdnews24