নাটোর, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভুয়া গ্রেপ্তারি পরোয়ানায় আটক হয়ে সদর উপজেলার পিপরুল কালীগঞ্জ গ্রামের দুই বৃদ্ধ কৃষক ২১ দিন ধরে নাটোর জেলা কারাগারে আছেন।
এরা হলেন- রওশন ব্যাপারী (৮০) ও তার ভাই ইউছুফ ব্যাপারী (৭০)।
গত ১২ আগস্ট রাত ১১টায় নিজ বাড়ি থেকে নলডাঙ্গা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরদিন তাদের আদালতে সোপর্দ করা হয়। আদালতে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।
নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক বাসুদেব চন্দ্র জানান, ভোলা জেলার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতের দেওয়া দুটি পৃথক গ্রেপ্তারি পরোয়ানায় তাদের আটক করা হয়। পরোয়ানায় ভোলা জেলা আমলী আদালত-২ এর মামলা নং-সি/আর ৪২৮, ধারা-যৌতুক নিরোধ আইনের ৩/৪ এর উল্লেখ আছে।
ওই মামলার বাদীর নাম রেবেকা সুলতানা বলে উল্লেখ করা হয়েছে।
বাসুদেব চন্দ্র জানান, আটক দুজনকে আদালতে সোপর্দ করার পর মুখ্য বিচার বিভাগীয় হাকিম মোহাম্মদ শরীফ উদ্দিন তাদের জেলহাজতে পাঠিয়ে গ্রেপ্তারের বিষয়টি লিখিতভাবে ভোলা জেলার বিচারিক হাকিমকে জানান।
ভোলার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম কবির উদ্দিন প্রামাণিক গ্রেপ্তারের বিষয়টি যাচাই করতে গিয়ে দেখেন এ দুজনের বিরুদ্ধে ভোলা জেলায় কোনো মামলা নেই। তার আদালত থেকে এমন কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়নি। এমনকি ওই আদালতে ৪২৮ নম্বরের কোনো সি/আর মামলাও নেই।
নাটোর আদালতের বরাত দিয়ে রওশন ব্যাপারীর ছেলে মনিরুজ্জামান বলেন, গ্রেপ্তারি পরোয়ানাটি ভুয়া উল্লেখ করে গত ১৯ আগস্ট ভোলা জেলার বিচার বিভাগীয় হাকিম একটি চিঠি ডাকযোগে নাটোরের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে পাঠান। কিন্তু এই চিঠি এখনও নাটোর এসে পৌঁছায়নি।
মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাবা ও চাচার বিরুদ্ধে কখনও কোনো মামলা হয়নি। কারাগারে ঢোকার পর থেকে তারা অসুস্থ হয়ে পড়েছেন। তাদের পক্ষে চলাফেরা করাও মুশকিল হয়ে পড়েছে।"
কেউ শত্র"তা করে এ ধরনের ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের হয়রানি করছে বলেও জানান তিনি।
উপ-পরিদর্শক বাসুদেব বলেন, "আদালতের পরোয়ানা পেয়ে কর্তব্য পালন করতে গিয়ে আমরা তাদের গ্রেপ্তার করেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৩০ ঘ.
bdnews24