২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজ যে কোনও মুহূর্তে তারেকের মুক্তি: কারা প্রধান

মঙ্গলবার যে কোনও মুহূর্তে তারেক রহমান মুক্তি পেতে পারেন বলে জানিয়েছেন প্রধান কারা কর্মকর্তা। কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জামিনের প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে একটি বাদে সব কাগজ আমাদের হাতে এসে পৌঁছেছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2008, 04:36 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার যে কোনও মুহূর্তে তারেক রহমান মুক্তি পেতে পারেন বলে জানিয়েছেন প্রধান কারা কর্মকর্তা। কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জামিনের প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে একটি বাদে সব কাগজ আমাদের হাতে এসে পৌঁছেছে।" তিনি বলেন, "আজ (মঙ্গলবার) বাকি কাগজটা আসতে পারে। এ কাগজ হাতে পেলে আজ (মঙ্গলবার) যে কোনও সময়ই তার (তারেক) মুক্তির সম্ভাবনা রয়েছে।" এদিকে গত শনিবার তারেক রহমানের মুক্তি প্রক্রিয়ার বিষয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, "যে দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন, তাকে ছেড়ে দিলে আর কাউকে আটকে রাখার নৈতিক অধিকার এই সরকারের থাকে না। তাকে ছেড়ে দেওয়ার আগে দুর্নীতির অভিযোগে আর যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদেরও ছেড়ে দিতে হবে।" যৌথ বাহিনী গত বছর ৮ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে গত ২৫ আগস্ট এক কোটি টাকা চাঁদাবাজির মামলায় তাকে ছয় মাসের এবং গত ২৬ আগস্ট জিয়া অরফানেজ (এতিম খানা) ট্রাস্ট দুর্নীতি মামলায় তারেক রহমানকে চার মাসের অন্তর্র্বতীকালীন জামিন দেয় হাইকোর্ট। ২৭ আগস্ট তারেক রহমান একসঙ্গে পাঁচটি মামলায় জামিন পান। এর মধ্যে তিনটি হল চাঁদাবাজির মামলা, একটি আয়কর ফাঁকির মামলা ও একটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। ২৮ আগস্ট সুপ্রিম কোর্ট তারেককে ঘুষ নিয়ে সাব্বির হত্যাকাণ্ড ধামাচাপা মামলায় জামিন দিলে ১২ মামলার সবগুলিতে জামিন পায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এফএফ/জিএনএ/১১৫৮ ঘ.