ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ট্রুথ কমিশন' নামে পরিচিত সত্যতা ও জবাবদিহিতা কমিশন সোমবার মোট সাত জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শুনেছে। এদের মধ্যে ছিলেন তিন দম্পতি।
কমিশন গত ৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলেও সোমবারই প্রথম শুনানি শুরু হলো। রাজধানীর হেয়ার রোডের কমিশন কার্যালয়ে এ শুনানি শুরু হয়।
কমিশনের উপসচিব শামীম আল মামুন সন্ধ্যায় কমিশন কার্যালয়ের বাইরে সাংবাদিকদের বলেন, "শুনানির প্রথম দিনে মোট সাতটি অভিযোগের বিষয়ে সাতজনের জবানবন্দি নেয়া হয়েছে। এদের মধ্যে তিন দম্পতিও রয়েছেন। প্রত্যেকের নামে আলাদা আলাদা ফাইল রয়েছে।"
তিনি জানান, মঙ্গলবার আরো চার জনের শুনানি হবে। যত দ্রুত সম্ভব কমিশন এসব অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেবে।
এক প্রশ্নের জবাবে শামীম জানান, অভিযুক্তদের কাঠগড়ায় দাঁড় করিয়ে শুনানি হচ্ছে না। কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান এবং দুই সদস্য মনজুর রশিদ খান ও আসিফ আলী অভিযুক্তদের বক্তব্য শুনছেন। কোনো ক্ষেত্রে কিছু বুঝতে সমস্যা হলে তারা প্রশ্ন করে জেনে নিচ্ছেন।
কমিশন অভিযুক্ত কারও পরিচয় প্রকাশ না করলেও সিলেট সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী সাইফুল ইসলামকে পুলিশি পাহারায় সোমবার বেলা ১১টায় কমিশন কার্যালয়ে ঢুকতে দেখা যায়। তার স্ত্রীও কমিশন কার্যালয়ে আসেন। এর কিছুক্ষণের মধ্যে শুনানি শুরু হয়। দুপুর পৌনে ২টার দিকে তারা বেরিয়ে আসেন।
কারাগারের উপ মহা পরিদর্শক মেজর সমামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাইফুল ইসলামকে রোববার সিলেট কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। সকালে তাকে ট্রুথ কমিশনে নেওয়ার পর দুপুরে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়।
এছাড়া অভিযুক্তদের অনেকেই কমিশন কার্যালয়ের পেছনের দরজা দিয়ে বেরিয়ে যান।
সরকার গত ৮ জুন 'স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ ২০০৮' জারি করে। এর আওতায় সত্যতা ও জবাবদিহিতা কমিশন বা ট্রুথ কমিশন গঠন করা হয়।
এ আইন অনুযায়ী, দুর্নীতির দায়ে দুই বছর বা এর বেশি সাজাপ্রাপ্ত ছাড়া যে কেউ কমিশনের কাছে সত্য প্রকাশ করে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ ফেরত দিয়ে ক্ষমার সুযোগ পাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এমএইচবি/২২১৩ ঘ.
bdnews24