চট্টগ্রাম, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর বিভিন্ন স্থান থেকে সোমবার অজ্ঞান পার্টির নয় সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা।
নগরীর হালিশহর, কদমতলী, আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আবদুর রশিদ, মিজানুর রহমান, মো. ইয়াসিন, আনোয়ার হোসেন, জাফর আহমেদ, এয়াকুব আলী, জসীম উদ্দিন, মো. হারুণ ও দীপংকর।
এছাড়া রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- শামসুল হক (২৯), আবদুর রশিদ ওরফে ইউনুস (৩৮), সুর আহমদ (৩১) ও মোহাম্মদ মালেক (৩২)।
অজ্ঞান পার্টির সদস্যদের কাছে চেতনানাশক ওষুধ বিক্রির অভিযোগে নগরীর হাজারী গলি ও স্টেশন রোড এলাকা থেকে সন্ধ্যায় তিন ওষুধ বিক্রেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
সহকারী পুলিশ কমিশনার ওয়াহিদুল আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল দশটার দিকে কদমতলী এলাকা থেকে অজ্ঞান পার্টির অন্যতম হোতা আবদুর রশিদকে আটক করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে হালিশহর এলাকার একটি বাসা থেকে দুজন এবং আগ্রাবাদ এলাকায় একটি আবাসিক হোটেল থেকে বাকিদের গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা রাতের বেলা ছিনতাই করার জন্য বিভিন্ন স্থানে অবস্থান করছিল।
কোতয়ালি অঞ্চলের সহকারী কমিশনার (এসি) বাবুল আখতার জানান, গত ৯ আগস্ট নগরীর পাহাড়তলী থানাধীন রূপালী আবাসিক এলাকার একটি বাসায় ডাকাতির অভিযোগে রোববার রাত দশটার দিকে চকবাজার থেকে শামসুল হককে এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে ভিত্তিতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপর তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা পাহাড়তলী এলাকাসহ বিভিন্ন স্থানে ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে পাহাড়তলীর আবাসিক এলাকা থেকে লুটের মাল উদ্ধার করা যায়নি বলে তিনি জানান।
এসি বাবুল জানান, এ ব্যাপারে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২০৫৭ ঘ.
bdnews24