বাগেরহাট, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রাকৃতিক সপ্তাশ্চর্য জরিপে শীর্ষে থাকা বিশ্ব ঐতিহ্য সুন্দরবন পরিদর্শন করেছেন আইসল্যান্ডের প্রেসিডেন্ট ওলাফুর র্যাগনার গ্রিমসন।
রোববার সকালে বন বিভাগের প্রমোদ তরী বনরাণীতে চড়ে সুন্দরবন ঘুরে দেখেন তিনি। সুন্দরবনের জীববৈচিত্র ও সবুজের সমারোহ দেখে তিনি মুগ্ধ হন।
এ সময় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়েজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ব্যারিস্টার রাজা দেবাশীষ রায় তার সঙ্গে ছিলেন।
আইসল্যান্ডের প্রেসিডেন্টের আগমন উপলক্ষে সুন্দরবন এলাকায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
সুন্দরবন বিভাগের বনসংরক্ষক অমলেন্দ্র সাহা জানান, আইসল্যান্ডের প্রেসিডেন্ট ওলাফুর র্যাগনার গ্রিমসনকে নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রাজা দেবাশীষ রায় হেলিকপ্টারযোগে সকাল সাড়ে এগারো টায় মংলা নৌ-ঘাঁটিতে অবতরণ করেন।
পরে তারা বন বিভাগের প্রমোদ তরী বনরাণীতে চড়ে সুন্দরবনের হারবারিয়া এলাকা পর্যন্ত ভ্রমণ করেন।
বিকেল ৫টায় ঢাকার উদ্দেশ্যে মংলা ত্যাগ করেন আইসল্যান্ডের প্রেসিডেন্ট।
সুন্দরবন ভ্রমণের সময় তার সঙ্গে আরও ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইউনুসুর রহমান, সুন্দরবন বিভাগের বনসংরক্ষক অমলেন্দ্র সাহা, বাংলাদেশ নৌ-বাহিনীর মংলা ঘাঁটির অধিনায়ক বি কে সাহা, বাগেরহাটের জেলা প্রশাসক সহিদুল ইসলাম ও সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা এসএম শহীদুল্লাহ প্রমূখ।
জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা বিষয়ক একটি সিম্পোজিয়ামে যোগ দিতে শুক্রবার ঢাকায় আসেন আইসল্যান্ডের প্রেসিডেন্ট ওলাফুর র্যাগনার গ্রিমসন।
শনিবার সিম্পোজিয়ামের শেষ দিনে তিনি বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০০ ঘ.
bdnews24