২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পে-কমিশন গঠন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো পুনর্র্নিধারণের জন্য সপ্তম 'পে কমিশন' গঠন করেছে সরকার। সাবেক অর্থ সচিব এম মোস্তাফিজুর রহমানকে ১৩ সদস্যের এ কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2008, 03:07 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো পুনর্র্নিধারণের জন্য সপ্তম 'পে কমিশন' গঠন করেছে সরকার। সাবেক অর্থ সচিব এম মোস্তাফিজুর রহমানকে ১৩ সদস্যের এ কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগের সচিব ড. মোহাম্মদ তারেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমিশন ছয় মাসের মধ্যে প্রতিবেদন দেবে। কমিশনে পূর্ণকালীন সদস্য হিসেবে রয়েছেন তিন জন এবং খণ্ডকালীন সদস্য হিসেবে আছেন ৯ জন। পূর্ণকালীন সদস্যরা হলেন- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পুলিশের সাবেক মহাপরিদর্শক এম আজিজুল হক, সাবেক সচিব ড. এ কে আবদুল মুবিন ও সাবেক সচিব হাবিবুর রহমান। খণ্ডকালীন সদস্যরা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এ তাহির, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি'র উপাচার্য অধ্যাপক এম ইমতিয়াজ হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতার হোসেন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর গবেষণা পরিচালক এম আসাদুজ্জামান, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেআসএফ) এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মেজবাহ উদ্দিন আহমেদ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের মহাসচিব সি কে হায়দার, সশস্ত্র বাহিনীর একজন প্রতিনিধি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালযের যুগ্ম সচিব মো. আনোয়ারুল হক ও অর্থ বিভাগের যুগ্ম সচিব রাজিয়া বেগম। এছাড়া কমিশনের সদস্য সচিব হিসাবে একজন অতিরিক্ত বা যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তাকে নিয়োগ দেবে সংস্থাপন মন্ত্রণালয়। কমিশনের সদস্যরা মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং অবসরকালীন সুবিধা পুনর্র্নিধারণসহ অন্যান্য অসঙ্গতি দূর করার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব দেবেন। এসব প্রস্তাব সব সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে। অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম গত ৯ জুন চলতি অর্থবছরের বাজেট ঘোষণায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেন এবং বেতন ভাতা পুনর্র্নিধারণে একটি কমিশন গঠনের প্রস্তাব করেন। সরকারি কর্মচারীদের জন্য সর্বশেষ বেতন কাঠামো (ষষ্ঠ বেতন স্কেল) কার্যকর করা হয় ২০০৫ সালের জানুয়ারি থেকে। এর আগে ১৯৯৬, ১৯৮৯, ১৯৮৪, ১৯৭৬ ও ১৯৭২ সালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এডি/কিউএইচ/এমএ/জেকে/এমএইচবি/২১১৬ ঘ.