২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীর বহুতল ভবনের আগুন নিভেছে

বনানী বাজারের কাছের ২৩ তলা 'ফারুক রূপায়ন টাওয়ার' নামের বহুতল ভবনটির আগুন নিভিয়ে ফেলা হয়েছে। রোববার বেলা চারটার কিছু আগে ভবনটির পার্কিংয়ে আগুন ধরে গেলে আতঙ্ক দেখা দেয়। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2008, 11:35 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, ৩১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বনানী বাজারের কাছের ২৩ তলা 'ফারুক রূপায়ন টাওয়ার' নামের বহুতল ভবনটির আগুন নিভিয়ে ফেলা হয়েছে। রোববার বেলা চারটার কিছু আগে ভবনটির পার্কিংয়ে আগুন ধরে গেলে আতঙ্ক দেখা দেয়। ভবনের ভূগর্ভস্থ পাকিংয়ে চালক স্টার্ট দেওয়ার পরপরই একটি মাইক্রোবাসে আগুন ধরে যায় বলে ভবনের নিরাপত্তারক্ষী মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। আগুনের কারণে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ বন্ধ করে দেওয়া হয়। এতে আশেপাশের এলাকায় দীর্ঘসময়ের জন্য যানজট বেধে যায়। সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছতে বেশ বেগ পান। দমকল কর্মীরা বেশ কয়েকজনকে ভবন থেকে বের করে আনেন। লাফিয়ে পড়ে আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আধঘন্টার মতো চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। প্রচুর ধোঁয়ার কারণে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তারা জানান। কুর্মিটোলা ফায়ার ব্রিগেডের সিনিয়র স্টেশন অফিসার মাহফুজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আগুন লাগার কারণ তদন্ত করে দেখছি। আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতি পুরো তদন্ত না করে বলা যাবে না।" ঘটনাস্থলে উপস্থিত হওয়া ঢাকা মহানগরী পুলিশ কমিশনার নাইম আহমেদ সাংবাদিকদের বলেন, তাৎক্ষণিকভাবে ধারণা করা হয়েছিল ভবনটির নিচের পার্কিংয়ে একটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগে। কিন্তু আসলে তা ঘটেনি। আগুন ধরে যাওয়া মাইক্রোবাসটি পুরোপুরি পুড়ে যায়। এর কাছাকাছি থাকা কয়েকটি মোটর সাইকেলের সামান্য ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমপি/এসকে/১৯০৮ঘ.