নীলফামারী, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সদর ও ডোমার উপজেলার চারটি গ্রামে শনিবার গভীর রাতে টর্নোডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে শতাধিক ঘরবাড়ি।
উপড়ে পড়েছে অনেক গাছপালা। বিধ্বস্ত হয়েছে অনেক প্রতিষ্ঠান। গাছপালা ও ঘরবাড়ি ভেঙে পড়ে কমবেশি আহত হয়েছেন অর্ধ শতাধিক মানুষ।
প্রায় এক হাজার মানুষ রাত থেকে খোলা আকাশের নিচে বাস করছে।
ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হল- সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের চৌধুরীপাড়া, টুপামারী ইউনিয়নের কামারপাড়া ও দক্ষিণপাড়া এবং ডোমার উপজেলার বালাপাড়া।
চৌধুরীপাড়া গ্রামের কৃষক মুকুল ও হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত ৯টার দিকে প্রথমে বৃষ্টি শুরু হয়। পরে শুরু হয় দমকা হাওয়া। ১০ মিনিটের মধ্যে ভয়ঙ্কর ঝড়ে তাদের পুরো গ্রামের ঘরবাড়ি ও গাছপালা দুমড়ে মুচড়ে যায়। অনেক বাড়ির টিনের চালা উড়ে যায়।
কামারপাড়া গ্রামের আশরাফ আলী ও ইউনুছ আলী বলেন, টর্নোডো তাদের ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেছে। অনেক গাছপালা উপড়ে পড়েছে, নয়তো ডালপালা ভেঙে পড়েছে।
জেলা প্রশাসক রাশিদুল হাসান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রাথমিকভাবে ৩২টি পরিবারের জন্য জরুরিভিত্তিতে পরিবার প্রতি ৫শ' টাকা ও ২০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৬৪১ ঘ.
bdnews24