সাভার, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতনের দাবিতে সাভারের তৈরি পোশাক কারখানা 'বিশ্বাস গামের্ন্টস প্রাইভেট লিমিটেড' এর শ্রমিকরা শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ করেছে।
আন্দোলনকারী শ্রমিকদের মহাসড়ক থেকে হটাতে পুলিশ লাঠিপেটা করে। দু'পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
শ্রমিকরা সড়ে যাওয়ার পর বেলা ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের পাশে বিশ্বাস গ্র"পের এই তৈরি পোশাক কারখানার শ্রমিক ইসমাইল, রানা, রুবেল, মুন্নি, রাজিয়া, বকুলসহ বেশ কয়েকজন অভিযোগ করেন, কারখানাটিতে দু'মাসের বেতন বকেয়া রয়েছে। বিভিন্ন সময়ে শ্রমিকরা পাওনা দাবি করলেও মালিকপক্ষ টাকা দিতে টালবাহানা করছে।
শনিবার বেলা দেড়টার দিকে কারখানাটির প্রায় পাঁচ হাজার শ্রমিক বকেয়া বেতন দাবিতে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে।
এলাকাবাসী জানায়, অবরোধের কারণে মহাসড়কের দু'পাশে কয়েকশ' যানবাহন আটকে পড়ে। সাভার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যর্থ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাব্বী মিয়া, সাভার সার্কেল (এএসপি) জাহাঙ্গীর আলম, সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম সাজ্জাদ, ধামরাই থানার ওসি চৌধুরী তারিকুল আলম, আশুলিয়া থানার ওসি রফিকুল ইসলামও সেখানে যান।
বেলা ২টার দিকে কারখানার পরিচালক আল মাহমুদ সোমবারের মধ্যে পাওনা বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিলেও শ্রমিকরা অবরোধ চালিয়ে যায়।
বেলা পৌনে ৩টার দিকে র্যাব ও সেনা সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেয়।
মহাসড়ক থেকে শ্রমিকদের সরাতে সাড়ে ৩টার দিকে লাঠিপেটা শুরু করে পুলিশ। এ সময় শ্রমিকরাও পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে। উভয় পক্ষের মধ্যে ১৫ থেকে ২০ মিনিট ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। বিকেল ৪টার দিকে মহসড়ক থেকে সরে যায় শ্রমিকরা।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম সাজ্জাদ জানান, কারখানাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২০১৬ ঘ.
bdnews24