মৌলভীবাজার, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধবকুণ্ড জলপ্রপাতে নিখোঁজ ঢাকার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল ফাতেহ মোহাম্মদ শাহীর (২৪) লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় ডুবুরীরা শাহীর লাশ উদ্ধার করে বলে জানিয়েছেন বড়লেখা থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন।
স্ট্যামফোর্ডের আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শাহী শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে জলপ্রপাতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। শাহী ও তার পাঁচ বন্ধু বেড়াতে এসেছিলেন।
পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শাহীকে উদ্ধারে ঢাকা থেকে দমকল বাহিনীর তিন জন ডুবুরী এসে সকাল ৬টা থেকে উদ্ধার তৎপরতা শুরু করে। ১১টার দিকে তার লাশটি উঠিয়ে আনে।"
এর আগে স্থানীয়দের উদ্যোগে উদ্ধার তৎপরতা চালানো হলেও শাহীর সন্ধান পাওয়া যায়নি।
শাহী ফেনী জেলার দাগনভূইয়া উপজেলার লক্ষণপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।
জাহাঙ্গীর হোসেন জানান, শাহীর লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট করা হয়েছে। তার মামাতো ভাই তৌহিদ বেলা ১টার দিকে লাশ নিয়ে গ্রামের বাড়ি রওনা হয়েছেন।
এ ঘটনায় বড়লেখা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪১ ঘ.
bdnews24