ফরিদপুর, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুর শহরতলীর শোভারামপুর মৎস্যপল্লী এলাকায় শুক্রবার সন্ধ্যায় মৎস্যজীবী ও মৎস্যচাষী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রিম্প ও ফিশ ফেডারেশন, মৎস্য অধিদপ্তর জেলা মৎস্য ব্যবসায়ী ও হ্যাচারি মালিক কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে ফরিদপুরে প্রথমবারের মত 'তৃণমূল পর্যায়ে মৎস্যজীবী ও মৎস্যচাষী মহাসমাবেশ-২০০৮' অনুষ্ঠিত হল।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব কাজী মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, 'জাল যার জলা তার' নীতি বাস্তবায়নের জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মো. আমিনুল ইসলাম বলেন, সীমিত সম্পদের দেশে সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে মানুষের জীবনযাত্রা উন্নত করতে হবে। পানি সম্পদকে সঠিকভাবে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে মৎস্য খাতের সঙ্গে সম্পৃক্ত সবার সম্মিলিত উদ্যোগ নিতে হবে। সফল করতে হবে জলাধার ব্যবস্থাপনায় প্রকৃত মৎস্যজীবীদের সম্পৃক্ত করার উদ্যোগ।
এক্ষেত্রের বিদ্যমান সমস্যা নিরসনের উপায় খুঁজে বের করতে হবে।
ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াহহিয়া ভূইয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ শ্রিম্প ও ফিশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক, জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুর রব প্রমূখ।
পরে প্রধান অতিথি মৎস্য চাষীদের মাঝে মৎস্য পোনা বিতরণ করেন।
সমাবেশের শেষ পর্বে পরিমল বয়াতী পল্লী কবি জসীম উদ্দিনের লেখা গান এবং 'জলাপাড়ের নিবাসী' নামের একটি নাটক পরিবেশিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৭ ঘ.
bdnews24