২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের তিনটি ধারা নিয়ে হাইকোর্টের প্রশ্ন

গণপ্রতিধিত্ব অধ্যাদেশ ২০০৮ এ নিবন্ধনের সময় বিশেষ ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের ওপর বিধিনিষেধ আরোপ সংক্রান্ত তিনটি ধারা কেন সংবিধান পরিপন্থী ও অবৈধ নয়- জানাতে সরকার ও নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2008, 03:28 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণপ্রতিধিত্ব অধ্যাদেশ ২০০৮ এ নিবন্ধনের সময় বিশেষ ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের ওপর বিধিনিষেধ আরোপ সংক্রান্ত তিনটি ধারা কেন সংবিধান পরিপন্থী ও অবৈধ নয়- জানাতে সরকার ও নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নারী প্রতিনিধিত্ব, ধর্মভিত্তিক রাজনীতি ও দলের গঠনতন্ত্র বিেেবচনায় নিবন্ধনের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে ওই তিন ধারায়। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও ফরিদ আহমেদের বেঞ্চ বৃহস্পতিবার সরকার ও নির্বাচন কমিশনকে কারণ দর্শানোর নির্দেশ দেয়। রাষ্ট্রপতির সচিব, আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটকারীর পক্ষে শুনানিতে ব্যারিস্টার আবদুর রাজ্জাক বলেন, "গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের নারী প্রতিনিধিত্ব সংক্রান্ত ধারায় ২০২০ সাল নাগাদ প্রতিটি রাজনৈতিক দলে নারী প্রতিনিধিত্ব ৩৩ ভাগ করতে বলা হয়েছে। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার ধারায় এ ধরনের দলকে নিবন্ধিত না করার বিধান রাখা হয়েছে। এছাড়া রাজনৈতিক দলের গঠনতন্ত্র সংক্রান্ত ধারায় বলা হয়েছে, সংবিধানের সঙ্গে দলের গঠনতন্ত্র সাংঘর্ষিক হলে ওই দল নিবন্ধিত হতে পারবে না।" ব্যারিস্টার রাজ্জাক বলেন, "ধারাগুলো সংবিধান পরিপন্থী। তাছাড়া, তত্ত্বাবধায়ক সরকার এ ধরনের নীতিনির্ধারণী অধ্যাদেশ জারি করতে পারে না।" তিনি বলেন, কোনো রাজনৈতিক দলে কতজন নারী সদস্য থাকবে তা দলটির অভ্যন্তরীণ বিষয়। এছাড়া দলের গঠনতন্ত্র কেমন হবে, এতে কী থাকবে সে বিষয়ে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না। অধ্যাদেশটির বিধান বলবৎ থাকলে ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল ও কমিউনিস্ট পার্টি নিবন্ধিত হতে পারবে না বলেও আদালতকে জানান তিনি। শুনানিতে সরকার পক্ষে ছিলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২১২২ ঘ.