ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের জন্য বাজেটে ঘোষিত ১৫০ কোটি টাকা দ্রুত অবমুক্ত করার দাবি জানিয়েছেন প্রতিবন্ধী অধিকার আন্দোলনের নেতারা।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনাতনে 'প্রতিবন্ধী ব্যক্তির অধিকার বিষয়ক জাতিসংঘ সনদ বাস্তবায়নে জাতীয় বাজেট বরাদ্দ ও বর্তমান অবস্থা' শীর্ষক এক আলোচনা সভায় তারা জানান, বাজেট ঘোষণার প্রায় দুই মাস পেরিয়ে গেলেও আমলাতান্ত্রিক জটিলতায় ফাউন্ডেশন এখনো টাকা পায়নি।
জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব জওয়াহেরুল ইসলাম জানান, প্রতিবন্ধীদের উন্নয়ন কর্মকাণ্ডের মূলধারায় সম্পৃক্ত করতে চলতি বছরের বাজেটে পুনগর্ঠিত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনকে ২২ মিলিয়ন ডলার বা ১৫০ কোটি টাকা অনুদান দেওয়া হয়। বিশ্বব্যাংক সুনির্দিষ্ট প্রকল্পের আওতায় সরকারের মাধ্যমে পাঁচ বছরে এই টাকা দেবে। সেই হিসেবে চলতি অর্থ বছরের জন্য বরাদ্দের পরিমাণ দাঁড়ায় মাত্র ৩১ কোটি টাকা।
তিনি বলেন, "এ অবস্থায় চলতি অর্থ বছরে সরকারের ১৫০ কোটি টাকার ঘোষণা শুভঙ্করের ফাঁকি ছাড়া আর কিছু নয়।"
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মনসুর আহমেদ চৌধুরী বলেন, "বিশ্বব্যাংক টাকা দিতে আগ্রহী। কিন্তু সরকারের আমলাতান্ত্রিক জটিলতায় বিষয়টি আটকে আছে।"
তিনি বলেন, "একনেক অনুমোদন দিলেই টাকাগুলো দ্রুত পাওয়া সম্ভব।"
বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরী বলেন, বাজেটে প্রতিবন্ধীদের শিক্ষার জন্য আলাদা বরাদ্দ না থাকা দুঃখজনক।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় প্রতিবন্ধী ফোরামের কর্মকর্তা রফিক জামান বলেন, "চলতি অর্থবছরে প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ হওয়া অর্থের ব্যবহার কমে গেছে। এ ব্যাপারে সরকারও কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।"
ফোরামের সভাপতি খন্দকার জহুরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক আতিকুর রহমান ও উন্নয়ন কর্মী প্যারোমা দত্ত বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/জেকে/এমএইচবি/২০০৬ ঘ.
bdnews24