ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা বিচারপতি ফজুলল হকের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন।
বৃহস্পতিবার নিয়মিত প্রেসব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল এ তথ্য জানান।
তিনি বলেন, অনুমোদিত অভিযোগপত্রে ফজুলল হকের বিরুদ্ধে ৯০ লাখ ৯৭ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপনসহ ১ কোটি ৮০ লাখ ৭৮ হাজার ৩৭৯ টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হয়েছে।
গত ১৩ মার্চ কমিশনের সহকারি পরিচালক মোহাম্মদ ইব্রাহিম রমনা থানায় ফজলুল হকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, ফজলুল হক অবৈধভাবে ৯৭ লাখ ৩৭ হাজার ৪৪ টাকার সম্পত্তির মালিক হয়েছেন এবং কমিশনে জমা দেওয়া হিসাব বিবরণীতে এই সম্পদের তথ্য গোপন করেছেন।
গত বছরের ১৮ নভেম্বর সাবেক এ উপদেষ্টার স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠায় কমিশন। ২৬ নভেম্বর তিনি ৯৩ লাখ ৯৭ হাজার ১৭৮ টাকার স্থাবর এবং ৩ লাখ ৩৯ হাজার ৮৬৬ টাকার অস্থাবর সম্পত্তির হিসাব দেন।
ফজলুল হক ছাড়াও তার ছেলে ডা. আফজাল হোসেন রাজ, মেয়ের জামাই তারিকুর রহমান প্রিন্স, রাজের বন্ধু সুজাউদ্দিন হাসান সুজন ও জাস্টিস খান ফাউন্ডেশনের কর্মকর্তা আব্দুল মালেকের সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠায় কমিশন।
এদের মধ্যে তারিকুর রহমান প্রিন্সকে অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের দায়ে ১৩ বছরের কারাদণ্ড দেয় আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/১৮২০ ঘ.
bdnews24